ভেনেজুয়েলাকে সহজেই হারাল আর্জেন্টিনা

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৩:৩৩ এএম

আসরে ফিরে এসেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের হতাশা কাটিয়ে উঠেছে লিওনেল মেসির দল। শেষ ম্যাচে কাতারের বিপক্ষে ভালোই পারফর্ম ছিল তাদের। তার চেয়েও উজ্জীবিত পারফর্ম করে কোয়ার্টার ফাইনাল জিতে নিল আর্জেন্টিনা। শেষ আটের দ্বিতীয় লড়াইয়ে ভেনেজুয়েলাকে ২-০ ব্যবধানে হারানোয় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে মেসিদের। আর তাতে ব্রাজিল-আর্জেন্টিনার ধ্রুপদি লড়াই ঠিক হয়ে গেল। আগামী ২ জুলাই (বাংলাদেশ সময় ৩ জুলাই ভোর সাড়ে ৬টা) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ফুটবল জায়ান্ট।

আগের দিন ব্রাজিল সেমিফাইনালে ওঠায় তাদের মুখোমুখি হওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনার। সেমিফাইনাল প্রতিদ্বন্দ্বী কে তা জানতে পেরে যেন শেষ চারে ওঠার ইচ্ছাশক্তি বেড়ে যায় মেসিদের। ২৬ বছরের শিরোপা-খরা ঘোচাতে ব্রাজিলের সঙ্গে লড়াইয়ের চ্যালেঞ্জটা নিতে চায় তারা। তাই শুক্রবারের ম্যাচে অন্যরকম উজ্জীবনী শক্তি নিয়ে নামে ১৪ বারের কোপা জয়ীরা। ম্যাচের ১০ মিনিটে সার্জিও আগুয়েরোর পাস থেকে দারুণ ব্যাকহিলে গোল করেন লুতারো মার্টিনেজ। সুবাদে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন এ স্ট্রাইকার। স্পষ্ট আধিপত্য নিয়ে খেললেও জয় নিশ্চিতের জন্য আর্জেন্টিনার আরেকটি গোলের প্রয়োজন ছিল। তা এলো ৭৪ মিনিটে। আগুয়েরোর একটি শট ফেরাতে পারেননি ভেনেজুয়েলা গোলরক্ষক। তার হাতে লেগে বল গিয়ে পড়ে জিওভানি লো সোলসোর পায়ে। সহজ সুযোগে সহজেই বল জালে পাঠিয়ে দলকে দ্বিতীয় গোলটি এনে দেন এ ফরোয়ার্ড। তাতে মারাকানায় জয়ের দেখা পেল আর্জেন্টিনা। মাঠটিতে গত ম্যাচে বিভীষিকাময় হার ছিল মেসিদের জন্য। এ মাঠে খেলা আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচটি ছিল ২০১৪ বিশ্বকাপ ফাইনাল। যেখানে জার্মানির কাছে ১-০তে হেরে শিরোপা হারান মেসিরা। সেই হতাশা শুক্রবার ফেরেনি।

জয়ের পর আগুয়েরো জানান, ‘আমরা জানতাম ম্যাচটি সহজ হবে না। কিন্তু দিন শেষে সহজেই জিতেছি। সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় আমরা খুশি। যদিও খুব কঠিন প্রতিপক্ষের সঙ্গে পড়েছি। আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ সব সময়ই বিশ্বজুড়ে আলাদা রোমাঞ্চের সৃষ্টি করে। আমরা নিজেদের সেরাটা দিয়ে জয়ের চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত