নারায়ণগঞ্জের রূপগঞ্জের মহিলা লীগ নেত্রী বিউটি আক্তার কুট্টি হত্যার এজাহারভুক্ত আসামি মো. জামালকে (৩৩) ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে র্যাব। তিনি উপজেলার চুনপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন জানান, গত শুক্রবার সকালে জামাল ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে মামুন এন্টারপ্রাইজের একটি বাসে বেনাপোলের উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পাওয়ার পর সিপিসি-২, র্যাব-৪ এর একটি দল দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এএসপি উনু মংয়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গত ২৬ জুন রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের মহিলা মেম্বার ও মহিলা লীগের সভাপতি বিউটি আক্তারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিনই এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়। ঘটনার পর থেকে জামাল পলাতক ছিলেন।
