‘এ’ দলে ইমরুল-বিজয়

আপডেট : ৩০ জুন ২০১৯, ০২:১৯ পিএম

আগামী মাসে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ সামনে রেখে ১৪ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়দের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত ইংল্যান্ডে বিশ্বকাপ নিয়ে। তবে দলের বাইরে ক্রিকেটাররা বসে নেই। এলিট ক্যাম্প, হাইপারফরম্যান্স ইউনিটের সাথে অনুশীলন করেছেন তারা। এখন তাদেরও মাঠে নামার সময় এসেছে।

আগামী ৫ জুলাই থেকে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ শুরু হবে। এই সিরিজে থাকছে দুটি চারদিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ।

সবশেষ ঘরোয়া লিগে ভালো খেলার পুরষ্কার পেলেন এনামুল হক বিজয়। জাতীয় দল থেকে নির্বাসিত ইমরুল কায়েস, স্পিনার সানজামুল ইসলাম, পেসার কামরুল ইসলাম রাব্বিরা পাচ্ছেন নিজেদের আরেকবার প্রমাণের সুযোগ। সব মিলিয়ে এবারের ‘এ’ দলে আছেন জাতীয় দলের হয়ে খেলা আট ক্রিকেটার।

জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন খেলার টানে বিদেশ ফেরত পেসার সালাউদ্দিন শাকিলও। অনেকের জন্যই এটি হবে নিজেদের প্রস্তুতের মঞ্চ।

‘এ’ দলের ব্যাটিং বিভাগ সামলাবেন ইমরুল, বিজয়, জাকির, রকিবুল, অনিক, নাইমরা। বিজয়, জাকির ও অনিক- এই তিনজনই আবার উইকেটরক্ষক ব্যাটসম্যান। অলরাউন্ডার হিসেবে আছেন তানবীর হায়দার, আফিফ হোসেন ধ্রুবরা। আফিফ সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) ডাক পেয়েছেন।

বোলিং আক্রমণের দায়িত্বে থাকবেন কামরুল ইসলাম রাব্বি, সালাউদ্দিন শাকিল,সানজামুল ইসলাম, তানভিরুল ইসলামরা। এছাড়া অলরাউন্ডার আফিফ অফস্পিন ও তানবীর হায়দার লেগ স্পিন করেন।

বাংলাদেশ  দল: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, কামরুল ইসলাম রাব্বি, রকিবুল হাসান, তানবীর হায়দার চৌধুরী, সানজামুল ইসলাম, জাকের আলী অনিক, সালাউদ্দিন শাকিল, নাঈম শেখ, ইরফান হোসেন, সুমন খান ও তানভিরুল ইসলাম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত