মাশরাফীকে নিয়ে চিন্তিত নন ওয়ালশ

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০১:৫২ এএম

দল সাফল্য পেলেও বল হাতে নিজের সময়টা একেবারেই ভালো কাটছে না মাশরাফী বিন মোর্ত্তজা। বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ১ উইকেট তার। টাইগার অধিনায়কের এমন পারফরম্যান্সের সমালোচনাও করছেন কেউ কেউ। তবে বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ মাশরাফীর পারফরম্যান্স নিয়ে মোটেও চিন্তিত নন।

বরং ক্যারিবীয় কিংবদন্তির সোজাসাপটা জবাব, মাশরাফীর উইকেট পাওয়া বা না পাওয়া নিয়ে আমার খুব একটা দুর্ভাবনা নেই। রান আটকানোর কাজটাই মুখ্য ওয়ালশের কাছে। যা এখন পর্যন্ত মাশরাফী ভালোভাবেই করতে পেরেছেন বলে মনে করেন তিনি।

বিশ্বকাপে মাশরাফী একমাত্র উইকেটটি পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে। এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ দুই ম্যাচেও উইকেট পাননি। সব মিলে সর্বশেষ ৮ ম্যাচে টাইগার দলপতির উইকেট মাত্র ১টি।

রোববার বার্মিংহামে টাইগারদের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ওয়ালশ। মাশরাফীর পারফরম্যান্সে চিন্তিত কিনা এমন প্রশ্নের উত্তরে ওয়ালশ বলেন, ‘‘উইকেট পাওয়াই সব নয়। রানরেটের ব্যাপারটাও এখানে মুখ্য। সে উইকেট পায়নি, সবাই জানে। অনেকেই আছে টুর্নামেন্টে খেলছে কিন্তু উইকেট পায়নি। কিন্তু ইকনোমি রেট ভালো। সে ভালো বল করছে। আমি নিশ্চিত উইকেট আসবেই। সেই উইকেট পাচ্ছে না বলে আমি উদ্বিগ্ন নই।’’

ওয়ালশের বিশ্বাস যে দুই ম্যাচ বাকি, সেখানে আলো ছড়াবেন মাশরাফী। ফিরে পাবেন নিজেকে, ‘‘আমার মূল ভাবনা যেন সে নিয়ন্ত্রিত বোলিং করতে পারে। যেটি সে করে আসছে। যখনই সে শুরুতে উইকেট এনে দেয়, আমাদের জন্য তা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আরও দুটি ম্যাচ বাকি আছে, আশা করি সে পারবে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত