ট্রাকে মিনি ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত ৩

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৯:০৬ এএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকে মাছবোঝাই মিনি ট্রাক ধাক্কা খেয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মেহড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নামপরিচয় জানা গেছে। তিনি মহনগঞ্জ থানার প্রশন্নপুর গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে তাহের (৪৫)।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ভোর সাড়ে ৪টার দিকে মেহড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাকের পেছনে মাছবোঝাই একটি মিনি ট্রাক ধাক্কা খায়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

তিনি জানান, মিনি ট্রাকের সামনের আসনে চালক ও অপর দুই ব্যক্তি ছিলেন। দুর্ঘটনার পর মিনি ট্রাকের সামনের দুমড়েমুচড়ে যাওয়া অংশে তারা নিথর হয়ে পড়েছিলেন। পরে রেকার দিয়ে বড় ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। আর মিনি ট্রাক থেকে মৃত অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত