আভিস্কার ‘প্রথমে’ শ্রীলঙ্কার রানের পাহাড়

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৭:৪৭ পিএম

ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। সেটিও কিনা বিশ্বকাপের মঞ্চে। আভিস্কা ফার্নান্দোর জন্য সোমবার দিনটা সত্যিই ‘সোনায় মোড়ানো’ দিন হিসেবে ধরা দিল। ২১ বছর বয়সী তরুণের আলো ছড়ানোর দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কা গড়ল পাহাড় পুঁজি।

সোমবার চেস্টার লি স্ট্রিটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৩৮ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। সেঞ্চুরি করে আভিস্কা থামেন ১০৪ রানে। এ ছাড়া কুশল পেরেরার ব্যাট থেকে আসে ৬৪ রান। লাহিরু থিরিমান্নে খেলেছেন অপরাজিত ৪৫ রানের ইনিংস।

ক্যারিবীয়দের এ ম্যাচ জিততে হলে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে হবে।

আগের দিন ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে বলতে গেলে শ্রীলঙ্কার সেমিফাইনালের আশা অনেকটাই নিভে গেছে। নানা হিসেব-নিকেশে যা একটু আশা জেগে, সেটি পূরণ করতেও আসলে অলৌকিক পর্যায়ের কিছু ঘটতে হবে। তবে বাকি দুই ম্যাচে জয় তুলে নিয়ে অন্তত নিজেদের কাজটা সেরে রাখতেই পারে লঙ্কানরা। শেষটা অন্তত সুন্দর হবে তাতে। ওয়েস্ট ইন্ডিজের আশা অবশ্য আগেই শেষ হয়ে গেছে।

নিজেদের অষ্টম ম্যাচে এদিন আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ১৯৯৬-এর চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরা ৯৩ রানের জুটি গড়েন। করুনারত্নকে ৩২ রানে ফিরিয়ে জুটি ভাঙেন জেসন হোল্ডার। কুশল পেরেরাও ফেরেন দ্রুত। ৬৪ রান করে রান আউটে কাটা পড়তে হয় তাকে।

তৃতীয় উইকেটে কুশল মেন্ডিস ও আভিস্কা ফার্নান্দো গড়লেন ৮৫ রানের জুটি। তাতে বড় লক্ষ্যের পথে এগিয়ে চলা লঙ্কানদের। কুশল মেন্ডিস ৩৯ রান করে ফিরলেও আভিস্কা দুর্দান্ত খেলে গেলেন। তুলে নিলেন সেঞ্চুরি। ১০৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেন আভিস্কা। ৪৮তম ওভারে কটরেলের শিকার হন তিনি।

তবে সেঞ্চুরির পথে আরো দুটি পঞ্চাশোর্ধ্ব জুটি উপহার দেন। অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে ৫৮ ও লাহিরু থিরিমান্নেকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন। ম্যাথুস ২৬ ও থিরিমান্নে অপরাজিত ৪৫ রান করেছেন।

ক্যারিবীয়দের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন হোল্ডার। ১টি করে উইকেট নিয়েছেন শেলডন কটরেল, ওশানে থমাস ও ফ্যাবিয়ান অ্যালেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত