সেমিনারে মুস্তাফিজুর রহমান

ঋণখেলাপিদের ছাড় দেওয়া উচিত নয়

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১১:৪৭ পিএম

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেছেন, ঋণখেলাপিদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো আরও দ্রুত এগিয়ে যাচ্ছে। গত রবিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) অর্থনীতি বিভাগ আয়োজিত ‘এ রিভিউ অন প্রোপোজড বাজেট অব ফিসক্যাল ইয়ার ২০১৯-২০ : প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। রূপনগরে বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পর্যালোচনাবিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটে খাতভিত্তিক বরাদ্দ আরও যৌক্তিক হওয়া প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ হয়েছে। বিশাল ঘাটতিও রয়েছে। সুশাসন নিশ্চিত হলে এত বড় বাজেট বাস্তবায়ন কঠিন হবে না। তবে সাধারণ মানুষের ওপর করের বোঝা কমানোর বিষয়টি বিবেচনা যোগ্য। পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর বাড়ানো প্রয়োজন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক বলেন, কর ফাঁকি দিলে দেশের উন্নতি হয় না। প্রবৃদ্ধির হারও বাড়ে না। বর্তমানে দেশের অর্থনীতি বাঁচিয়ে রাখতে কাজ করছেন কৃষক, প্রবাসী ও পোশাকশ্রমিকরা। বাজেটে বরাদ্দের ক্ষেত্রে সরকারের তরফ থেকে জরিপ চালানো হলে তা ফলপ্রসূ হবে। 

সভাপতির বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ বলেন, বাজেট পুরোপুরি মানানসই হবে। এটা ভাবা ঠিক নয়। উচ্চাভিলাষী হলেও আশাবাদী হতে দোষ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত