জাইরাকে ‘অকৃতজ্ঞ’ বললেন রাভিনা

আপডেট : ০২ জুলাই ২০১৯, ১২:০৭ এএম

‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’খ্যাত অভিনেত্রী কাশ্মীরি কন্যা জাইরা ওয়াসিম হঠাৎই গত শনিবার অভিনয় ছাড়ার ঘোষণা দেন। নিজের ফেইসবুকে জাইরা লেখেন, ‘আমার ইমান (আল্লাহর প্রতি আনুগত্য) হুমকির মুখে। তাই বলিউডকে বিদায় জানাচ্ছি।’ তিনি আরও লেখেন, ‘আমার ইমান আর বলিউড দুটো পুরোটাই সাংঘর্ষিক। ধর্মের সঙ্গে আমার সম্পর্ক হুমকির মুখে।’

এরপর থেকে টুইটারে তাকে নিয়ে চলছে নানা আলোচনা। বলিউড ছাড়ার সিদ্ধান্তে বেশিরভাগ মানুষ তার পক্ষে দাঁড়ালেও সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। জাইরার সিদ্ধান্তে নাখোশ হয়েছেন বলিউড তারকা রাভিনা ট্যান্ডন। তাকে তিরস্কার করে রাভিনা বলেছেন, জাইরা ‘অকৃতজ্ঞ’। সে যে মত প্রকাশ করেছে, তা তার কাছেই রাখা উচিত ছিল। যদিও এতে কিছু যায় আসে না।’ বলিউড ছাড়ার ঘোষণার পরে সামাজিক মাধ্যমে জাইরার পাশে দাঁড়ান জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। জাইরার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি বলেন, ‘এটা ওর জীবন, যাতে সে সন্তুষ্ট হয়, সে তা-ই করবে।’

সোনালি বোস পরিচালিত ও জাইরা ওয়াসিম অভিনীত ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। এটিই জাইরার শেষ সিনেমা। এতে আরও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত