গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর দলটির তারকা ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। ‘ফিনিশার’ ধোনির উপস্থিতিতে শেষ দশ ওভারে হাতে উইকেট থাকা স্বত্ত্বেও জয় পেল না টিম ইন্ডিয়া। সমালোচনায় থাকা অভিজ্ঞ এই সতীর্থের পেছনে দাঁড়িয়েছেন দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা।
বার্মিংহ্যামের এজবাস্টনে রোববার ইংল্যান্ডের কাছে ৩১ রানে হার মানে ভারত। অনেকের অভিযোগ ধোনির ধীর ব্যাটিংয়ের কারণেই হারতে হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
এর আগে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ধোনির মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র শচীন টেন্ডুলকার।
ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনির ধীর গতির ব্যাটিং দেখে বেশ আক্রমনাত্মক মেজাজেই দেখা যায় ভিভিএস লক্ষ্মণ এবং সৌরভ গাঙ্গুলিকে। তবে ব্যাটিং বিতর্কে ধোনি পাশেই পাচ্ছেন দলের দুই তারকা ব্যাটসম্যান কোহলি ও রোহিতকে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ধোনি প্রসঙ্গে কোহলি বলেন, "ওর (ধোনির) ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। দলের প্রয়োজনে অনেকক্ষেত্রে ধোনি দায়িত্ব নিয়েছেন। একটা-দুটো ম্যাচের পারফরম্যান্স দেখে আমি কাউকে বিচার করার পক্ষে নই।"
"ধোনি জানে ওকে কখন কী করতে হবে! আমার মনে হয়, ধোনি অনেক চেষ্টা করেছে বাউন্ডারি মারার। কিন্তু সেটা আসেনি। ইংল্যান্ড বোলাররা ভালো লাইন লেন্থে বল করে গিয়েছে। ফল বল থেমে আসছিল এবং শেষ দিকে শট নেওয়া কঠিন হয়ে পড়ছিল।"
মাহির পাশে দাঁড়িয়ে রোহিত বলেন, "যখন মাহি আর কেদার ব্যাটিং করছিল তখন ওরা চেষ্টা করেছিল কিন্তু পারেনি। কারণ পিচ অনেক স্লো হয়ে গিয়েছিল শেষের দিকে। আর পিচকে কাজে লাগিয়ে ইংলিশ বোলাররা দারুণ বল করেছে।"
