লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজারে নেশাদ্রব্য খাইয়ে দোকানে চুরির ঘটনার একদিন পর সোমবার বিকেলে চুরিকৃত ৩ লাখ ৮০ হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে রুবেল নামের এক হোটেল কর্মচারীর বিরুদ্ধে।
তিনি পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফায়েত উল্যার ছেলে ও স্থানীয় সৌদিয়া হোটেলের কর্মচারী। এ ঘটনায় দোকান নিশু টেলিকমের মালিক নুর নবী নিশু বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে দালালবাজারস্থ সৌদিয়া হোটেলের কর্মচারী রুবেল হোসেন একই হোটেলের ম্যানেজারকে কোমল পানীয়ের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে দেয়। নেশাদ্রব্যের কারণে ম্যানেজার অচেতন পড়লে রুবেল হোসেন পার্শ্ববর্তী নিশু টেলিকমের তালা ভেঙে দোকানে থাকা নগদ ৩ লাখ ৮০ হাজার চুরি করে নিয়ে যায়।
নিশু টেলিকমের মালিক মো. নুরুন্নবী জানান, তিনি সোমবার সকাল ৮টার দিকে দোকান খুলতে এসে দেখেন দোকানের সামনে কয়েকটি ১শ’ টাকার নোট পড়ে আছে এবং সাটারের তালা ভাঙা। দোকানে প্রবেশ করে ড্রয়ারগুলো নিচে পড়ে আছে এবং ড্রয়ারে রাখা ৩ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। এসময় হোটেল কর্মচারী রুবেল হোসেনকে সন্দেহ হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন। পরে তার ঘর থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
