ভারতের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৩:০৩ পিএম

বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ। মহা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই লড়াইয়ে বার্মিংহ্যামের এজবাস্টনে টসে হেরে প্রথমে বোলিংয়ে নেমেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

বিশ্বকাপের লিগ পর্বের পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে ভারত। বিরাট কোহলিদের অর্জন ৭ ম্যাচে ১১ পয়েন্ট। এ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই তারা নিশ্চিত করবে সেমি-ফাইনাল।

অন্যদিকে, বাংলাদেশ সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার সাতে। এ ম্যাচে ভারতের বিপক্ষে জেতার বিকল্প নেই টাইগারদের। হারলেই বেজে যাবে বিদায় ঘণ্টা। টিকে থাকবে সম্ভাবনা। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকেও হারাতে হবে তাদের।

আইসিসির সবশেষ র‌্যাংকিং অনুসারে ভারতের অবস্থান দুই নম্বরে। আর বাংলাদেশ আছে সাতে। শুধু র‌্যাংকিংই নয়! পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে কয়েক ধাপ এগিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

বিশ্বকাপে দল দুটি প্রথম মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সেবার প্রথম দেখাতেই শক্তিশালী ভারতকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল টাইগাররা। তবে ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতে জয় পায় ভারত।

প্রতিবেশী দেশ দুটি ওয়ানডেতে এ পর্যন্ত খেলেছে ৩৫টি ম্যাচ। এর মধ্যে ভারত জিতে ২৯টিতে আর বাংলাদেশ জয় পায় ৫টি ম্যাচে। একটি ম্যাচে রেজাল্ট হয়নি। এই লড়াইয়ে ধারে ও ভারে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে ভারত।

একাদশে দুই পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে থাকছে চার পেসার। চতুর্থ পেসার হিসেবে ডাক পেয়েছেন রুবেল হোসেন। এ জন্য বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

চোট কাটিয়ে উঠতে পারেননি মাহমুদউল্লাহ। তার জায়গায় ডাক পেয়েছেন সাব্বির রহমান।

দুটি পরিবর্তন ভারত একাদশেও। বাদ পড়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব। চোট কাটিয়ে তার জায়গায় ঢুকেছেন ভুবনেশ্বর কুমার। নেই ব্যাটিং অলরাউন্ডার কেদার যাদবও। মাঠ ছোট বিবেচনায় একাদশে নেওয়া হয়েছে হার্ড হিটার দিনেশ কার্তিককে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশভ পন্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত