গত ঈদে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবিটি। এক শ্রেণির দর্শকের কাছে ছবিটি বেশ প্রশংসিতও হয়। অসম প্রেমের, সামাজিক দায়ভারের গল্প নিয়ে নির্মিত ছবিটি এখনো চলছে বেশ কিছু সিনেমা হলে। এদিকে ‘আবার’ বসন্তের রেশ কাটতে না কাটতেই নতুন ছবি মুক্তির ঘোষণা দিলেন পরিচালক মামুন। তার নির্মিত ‘বন্ধন’ ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাবে বলে দেশ রূপান্তরকে জানান মামুন।
অনন্য মামুন বলেন, ‘ছবিটি শিগগিরই সেন্সরে জমা দিব। ইচ্ছে আছে ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিব।’
জানা যায়, পাঁচ বন্ধু হঠাৎ নিখোঁজ হওয়ার পর শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তাদের খুঁজে পেতে মরিয়া পরিবার। এদিকে জোকার বেশে একটি লোক ঘুরছেন সর্বত্র। কিন্তু কেউ তার পরিচয় জানেন না। কে ওই ব্যক্তি? এবং পাঁচ বন্ধুই বা কোথায় হারাল? এমনই রহস্যঘেরা গল্পে ‘বন্ধন’ নির্মিত হয়েছে।
সিনেমাটিতে একসঙ্গে তিনটি জুটিকে দেখা যাবে। সাঞ্জু জনের বিপরীতে স্পর্শীয়া, শিপনের বিপরীতে এমি ও তানভীরের বিপরীতে রয়েছেন কলকাতার মৌমিতা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর।
