হরতাল সফল করতে বাম জোটের পাঁচ কর্মসূচি

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০২:০০ এএম

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জুলাই হরতাল সমর্থনে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেওয়া হয়।

বাম জোটের কর্মসূচির মধ্যে রয়েছে, আজ ৩ জুলাই বিভিন্ন থানায় প্রচার মিছিল, কাল ৪ জুলাই জাতীয় প্রেস ক্লাব থেকে গাবতলী অভিমুখে পদযাত্রা ও বিভিন্ন থানায় গণসংযোগ, ৫ জুলাই গণসংযোগ, ৬ জুলাই জাতীয় প্রেস ক্লাব থেকে যাত্রাবাড়ী অভিমুখে পদযাত্রা, থানায় থানায় মিছিল ও জাতীয় প্রেস ক্লাব থেকে মশাল মিছিল এবং ৭ জুলাই সারা দেশে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে লুটপাটের অন্যতম ক্ষেত্র হিসেবে পরিণত করেছে। সরকার গত ১০ বছরে তাদের লুটপাট, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে আসছে। এবারও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে জনগণের পকেট কেটে সরকার ও ব্যবসায়ীদের লুটপাটের টাকা জোগাতে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদের নেতা বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মমিনুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত