গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি ওষুধের দোকানে চাঁদা চাইতে গিয়ে ধরা পড়েছেন সাভার পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মহসিন বাবু। গত সোমবার রাত ১০টার দিকে ব্যাংকটাউন বটতলা এলাকার সরদার মেডিকেল নামক একটি ওষুধের দোকানে চাঁদা চাইতে গেলে বাবুসহ তিনজনকে আটকে রাখে স্থানীয়রা। পরে তাদের পুলিশে দেওয়া
হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টার দিকে মহসিন বাবুর নেতৃত্বে দুটি মোটরসাইকেল নিয়ে পাঁচ ব্যক্তি সরদার মেডিকেলে গিয়ে নিজেদের গোয়েন্দা পুলিশ হিসেবে পরিচয় দিয়ে ব্যবসায়ী এস এম রাজিবুর রহমানের কাছে ২৫ হাজার টাকা দাবি করেন। কিন্তু ওই ব্যবসায়ী তা দিতে অস্বীকার করায় তাকে মারধর করে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে মহসিন বাবু ও তার সঙ্গীদের পরিচয়পত্র দেখতে চায়। ঘটনা বেগতিক দেখে দুজন পালিয়ে গেলেও তিনজনকে আটকে রাখে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানতে চাইলে সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ আবদুল গনি বলেন, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে। দলের শৃঙ্খলা ভঙ্গ এবং ভাবমূর্তি ক্ষুণœ করায় মহসিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ী রাজিবুর রহমান জানান, চক্রটি আগেও পুলিশ পরিচয় দিয়ে তার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে যায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
