এই দিনে

৪ জুলাই

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১১:২৯ পিএম

১৯০২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দার্শনিক, ধর্মীয়-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ। তার জন্ম ১২ জানুয়ারি ১৮৬৩ সালে, কলকাতায়। তার পারিবারিক নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত। তাদের পরিবারে উত্তম জীবনধারণ, বিশেষ করে খাদ্যে পরিচ্ছন্ন ও মার্জিত রুচির পরিবেশ রক্ষা করা হতো। ফলে সন্ন্যাস জীবনেও তিনি তার উত্তম জীবনধারণের প্রতি ভালোবাসা পরিত্যাগ করেননি। তিনি এক অনন্যসাধারণ প্রতিভা, যিনি আধুনিককালের ধর্ম-সংস্কৃতি এবং পরোক্ষভাবে ভারতীয়দের জাতীয় আত্মচেতনার রূপ দিতে সাহায্য করেছিলেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হিন্দুধর্মীয় জীবনব্যবস্থা, আচরণ ও ধর্মীয় অনুষ্ঠানে অভ্যস্ত হওয়া সত্ত্বেও তিনি হিন্দু ধর্মের বহু আদর্শিক বিচ্যুতির কড়া সমালোচক ছিলেন। তিনি তার সময়ের তুলনায় বহু দিক থেকে প্রাগ্রসর চিন্তার অধিকারী ছিলেন। ফলে জাতীয় পুনরুজ্জীবনের মত ও পথ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে। প্রথমে নিজ গৃহে মায়ের কাছে এবং পরে গৃহশিক্ষকের কাছে তার শিক্ষাজীবন শুরু হয়। কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে তার স্কুলজীবনের শুরু। পরে পড়াশোনা করেন প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে। ১৮৮৩ সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। কলেজ জীবন থেকেই তিনি আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণে ব্রতী হন এবং গভীরভাবে পড়াশোনা শুরু করেন। একজন যুব-সত্যানুসন্ধানকারী হিসেবে ঈশ্বর জ্ঞানলাভের প্রতিও তার আগ্রহ জন্মে। তিনি রাজা রামমোহন রায়ের বেদান্তবিষয়ক গ্রন্থাদি পাঠ করে ব্রাহ্মসমাজের প্রতি আকৃষ্ট হন। সাধারণ মানুষের নবজীবনদানের উদ্দেশ্যে সেবামূলক কাজ করা এবং সব ধরনের কুসংস্কার ও অমানবিক কর্ম থেকে মুক্ত হয়ে দৃঢ় জাতিসত্তা গঠন করা ছিল তার লক্ষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত