বাংলাদেশকে হেয় করে তৈরি করা বিতর্কিত বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিয়েছে আয়ুর্বেদিক কোম্পানি ‘ডাবর’।
বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে তৈরি করা বিজ্ঞাপনটি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছিল ‘ডাবর’। সেটি প্রচার হতেই সমালোচনার ঝড় ওঠে।
বাংলাদেশ তো বটেই, ভারতীয় বাঙালিদের প্রতিবাদের মুখো পড়ে সেই বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিয়েছে সংস্থাটি। বিজ্ঞাপনটিতে রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলাদেশকে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
২৫ সেকেন্ডের সেই বিজ্ঞাপনে দেখা যায়, ভারতের জার্সি গায়ে এক ব্যক্তি বসে আছেন সোফায়। তার সামনে রাখা একটি বাটিতে তিলের নাড়ু। ওই বাটি থেকে তিনি নাড়ু খাচ্ছিলেন। এ সময় অন্য প্রান্ত থেকে কেউ একজন জানতে চাইছিলেন তিনি কী খাচ্ছেন?
ওই ব্যক্তি তখন উত্তর দেন, বাংলাদেশ থেকে আনা তিলের নাড়ু খাচ্ছেন। একই সঙ্গে ক্রিকেটের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, এভাবেই বিশ্বকাপে ১১ ভারতীয় ক্রিকেটার শেষ করে ফেলবে বাংলাদেশ দলকে। ভিডিওর শেষ দিকে ওই ব্যক্তি আবার বিকৃত করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়া-পাঠ করেন, ‘বৃষ্টি পড়ে টাপুরটুপুর।’
এ নিয়ে সংবাদমাধ্যমেও খবর প্রচার হয়। বিতর্কের মুখে বিজ্ঞাপনটি সরিয়ে নেয় ‘ডাবর’। সংস্থাটি বিশ্বকাপকে উপলক্ষ করে সিরিজ বিজ্ঞাপন তৈরি করছিল। বাংলাদেশ-ভারত ম্যাচের আগেও বেশ ক’টি ম্যাচকে নিয়ে তারা তাদের দাঁতের মাজনের জন্য বিজ্ঞাপন তৈরি করে প্রচার করেছিল।
ক্রিকেটে বাংলাদেশ-ভারত লড়াই এখন তীব্র উত্তেজনা। মাঠের চেয়ে মাঠের বাইরেই যার রেশ পড়ে বেশি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অন্য লড়াই তৈরি হয়। দুই দেশের সমর্থকেরা যেখানে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মাতেন।
তবে এই বিজ্ঞাপন যারা তৈরি করেছেন তাদের ভারতীয় বাঙালিদের রোষানলে পড়তে হয়েছে। রবীন্দ্রনাথ ও বাঙালি সংস্কৃতিকে কটাক্ষ করায়।
