হাইকোর্টে বিচারকের দুঃখ প্রকাশ

অশীতিপর বৃদ্ধার স্থগিত মামলা চালাচ্ছে নিম্ন আদালত

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০৩:১৮ এএম

উচ্চ আদালতের স্থগিতাদেশের পরও অশীতিপর রাবেয়া খাতুনের মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ায় হাইকোর্টের তলবের পরিপ্রেক্ষিতে হাজির হয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আল মামুন।

গতকাল বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চে তিনি উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেন। হাইকোর্ট তাকে আপাতত ব্যাক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেয়। 

এছাড়া হাইকোর্টের তলবে বিচারিক ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাহাবউদ্দিন আহমেদ গতকাল হাজির হয়ে লিখিতভাবে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। হাইকোর্ট তাকেও আপাতত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি পরবর্তী শুনানির জন্য ১৭ জুলাই ধার্য করেন।

হাইকোর্ট নি¤œ আদালতের এই বিচারকের উদ্দেশ্যে বলে, ‘আপনাদের সুনাম হলে বিচার বিভাগের সুনাম হয়। আর দুর্নাম হলে বিচার বিভাগের দুর্নাম হয়।’ এর আগে গত ২৬ জুন এক আদেশে ওই আদালতের বিচারক ও এপিপিকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেছিল হাইকোর্টের এই বেঞ্চ। বিচারক আল মামুনের  পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন মানিক ও সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল। রাবেয়া খাতুনের বিষয়টি নিয়ে রিটকারী আইনজীবী আশরাফুল আলম নোবেলও শুনানিতে ছিলেন। রাবেয়া খাতুনের বিরুদ্ধে ১৮ বছর আগে করা অস্ত্র আইনের মামলার কার্যক্রম গত ৩০ এপ্রিল এক আদেশে তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।

‘অশীতিপর রাবেয়া, আদালতের বারান্দায় আর কত ঘুরবেন তিনি’ শীর্ষক শিরোনামে গত ২৫ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. আশরাফুল আলম নোবেল। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে রাজধানীর তেজগাঁও থানায় রাবেয়ার বিরুদ্ধে ২০০২ সালের ২ জুন মামলা দায়ের হয়। এ মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে ছিলেন রাবেয়া। এরপর তাকেসহ অন্য দুই আসামি জুলহাস ও মাসুদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০০৩ সালের ২৪ মার্চ বিচার শুরু হয়। তবে, দীর্ঘ সময়েও বিচার শেষ না হওয়ায় দিনের পর দিন আদালতে আসতে হচ্ছে অশীতিপর রাবেয়াকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত