বিশ্বে ভ্রমণবান্ধব পাসপোর্টের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১০১তম। তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে জাপান ও সিঙ্গাপুর। লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস গত মঙ্গলবার তালিকাটি প্রকাশ করে। এতে সর্বশেষ ১০৯তম স্থানে রয়েছে আফগানিস্তান। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) বিশেষ তথ্যের ভিত্তিতে পরিচালিত জরিপের মাধ্যমে বছরে দুবার ভ্রমণবান্ধব পাসপোর্টের তালিকা প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনারস। ২০০৬ সাল থেকে ধারাবাহিকভাবে তালিকাটি প্রকাশ করে আসছে তারা।
তালিকার শীর্ষে থাকা দুই দেশ জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই (ভিসা অন অ্যারাইভাল) ১৮৯টি দেশে ভ্রমণ করা যায়। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফিনল্যান্ড, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা এভাবে ১৮৭টি দেশে ভ্রমণ করতে পারেন। তৃতীয় অবস্থানে যৌথভাবে থাকা তিন দেশ ডেনমার্ক, লুক্সেমবার্গ ও ইতালির পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা যায় ১৮৬টি দেশ।
২০১৪ সালে হেনলি পাসপোর্ট ইনডেক্সে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবারে ষষ্ঠ অবস্থানে নেমে গেছে। তালিকা প্রকাশের ১৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ ২০-এ স্থান পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।
হেনলির তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০১তম অবস্থানে থাকা দেশগুলো হলো ইরিত্রিয়া, ইরান, লেবানন ও উত্তর কোরিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে আগে ভিসা না নিয়েই ভ্রমণ করতে পারেন। তালিকায় সবার নিচে থাকা আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় ২৫টি দেশে।
