বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছিল চেলসির কোচের ভূমিকায় আসতে পারেন দলটির কিংবদন্তি ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। তাই হলো। মাওরিসিও সাররির উত্তরসূরি হিসেবে ল্যাম্পার্ডকেই বেছে নিল ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাবটি।
বৃহস্পতিবার ৪১ বছর বয়সী ল্যাম্পার্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ৩ বছরের চুক্তি করেছে চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে খেলোয়াড়ী জীবনের সোনালি সময় সময় কাটিয়েছেন মিডফিল্ডার ল্যাম্পার্ড। ১৩ বছরের অধ্যায়ে চেলসির হয়ে খেলেছেন ৬৪৮টি ম্যাচ। এই সময়ে ক্লাবটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ ১১টি বড় শিরোপা।
বুট তুলে রাখার পর মনযোগ দিয়েছেন কোচিংয়ে। এই মৌসুমে কাউন্টি ক্লাব ডার্বিকে প্রিমিয়ার লিগে নিয়ে আসার একদম কাছাকাছি চলে গিয়েছিলেন, কিন্তু প্লে-অফে হেরে সেটা আর হয়নি। এর নয় দিন পরই চেলসির কোচ হিসেবে নিয়োগ পেলেন ল্যাম্পার্ড।
গত মাসে চেলসির দায়িত্ব ছেড়ে স্বদেশী ক্লাব ইউভেন্তুসের কোচের দায়িত্ব নেন সাররি। ১৮ দিনের মাথায় ইতালিয়ান এই কোচের উত্তরসূরি হিসেবে ল্যাম্পার্ডকে বেছে নিল ইংল্যান্ডের ক্লাবটি।
প্রিয় ক্লাব চেলসির কোচ হতে পেরে উচ্ছ্বসিত ল্যাম্পার্ড, “চেলসিতে কোচ হিসেবে ফিরে আসতে পেরে আমি গর্বিত। ক্লাবের প্রতি আমার ভালোবাসা ও ক্লাবে সাথে তৈরি করা ইতিহাস সম্পর্কে সবাই জানে। আমি এখানে কঠোর পরিশ্রম করে দলকে সাফল্য এনে দিতে এসেছি।”
