প্রযোজক হিসেবে কাজ করার ইচ্ছে আছে

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১১:০৯ পিএম

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া। চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে তার অভিনীত নাটক ‘ভালোবাসার যৌথ খামার’। এ নাটক ও অন্যান্য প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

ধারাবাহিক ‘ভালোবাসার যৌথ খামার’...

এলাকার ১২টি পরিবারের মানুষের গল্প নিয়ে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। মজার বিষয় হলো, এত মানুষের ভিড়ে কীভাবে যেন রূপা (টয়া অভিনীত চরিত্র) মহল্লার সবার মধ্যমণি হয়ে উঠেছে। সে সুখে-দুঃখে সব সময় সবার পাশে থাকার চেষ্টা করে। হাসি-আনন্দে সবাইকে মাতিয়ে রাখে। যারা এ নাটকটি দেখেছেন, তাদের অনেকের কাছেই রূপা চরিত্রটি ভালো লেগেছে বলে জানিয়েছেন। তবে আমার মনে হয়, গল্পের কারণেই এ চরিত্রটি এত বলিষ্ঠভাবে ফুটে উঠেছে। নাটকের চরিত্রগুলোয় চেনাজানা মানুষের ছায়া খুঁজে পাওয়া যাবে।

 

অভিনয়ের বাইরে...

ক্যামেরার পেছনে কাজ করতে ভালো লাগে আমার। তবে এখনই পরিচালনায় আসব কি-না তা ভাবিনি। তবে প্রযোজক হিসেবে কাজ করার ইচ্ছে আছে। কারণ ব্যক্তি হিসেবে আমার ম্যানেজিং পাওয়ারটা অনেক ভালো। খুব সহজে সবাইকে ম্যানেজ করতে পারি। আমি যে কোনো কাজ গুছিয়ে করতে পছন্দ করি আর সেটা পারিও। অনেক পরিচালক ও প্রযোজকও বলেছেন, এ কাজটি খুব ভালো পারি। আমি টাকা-পয়সাও খুব ভালোভাবে গুছিয়ে নিতে পারি, আবার কাজটাও আদায় করে নিতে পারি। সেই দিক থেকে আমার প্রযোজক হওয়ার ইচ্ছা আছে। নিজের একটা প্রডাকশন হাউস করার ইচ্ছাও অনেক দিনের। ইতিমধ্যে এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। এককথায় প্রযোজনার সব রকম প্রস্তুতি নিয়েছি।

 

ওয়েব মাধ্যম নিয়ে ভাবনা...

আমাদের দেশে ওয়েব সিরিজের যাত্রা খুব বেশিদিনের নয়। কিন্তু এরই মধ্যে বিনোদনের নতুন এ মাধ্যমকে দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। এটা সত্যি, বর্তমান অনেক তারকাশিল্পী অনলাইন মাধ্যমে অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এর পেছনে মূলত ভালো বাজেট, ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শক চাহিদা ও গ্রহণযোগ্যতার বিষয়গুলো বড় কারণ হিসেবে কাজ করছে। এ ছাড়া সবার হাতেই মুঠোফোন আছে। গ্রামের মানুষও এখন নাটক, সিনেমা, গান দেখে মোবাইলে। দর্শক দেখছে বলেই এ মাধ্যমের গ্রহণযোগ্যতা দিন দিন আরও বাড়বে।

 

নতুন চলচ্চিত্রে...

আপাতত নতুন কোনো সিনেমায় অভিনয়ের পরিকল্পনা নেই। টিভি নাটকে কাজ করে স্বাচ্ছন্দ্য খুঁজে পাই। তবে ভালো চিত্রনাট্য পেলে চলচ্চিত্রে অভিনয় করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত