১২ ছাত্রীকে ধর্ষণ মাদ্রাসাশিক্ষকের

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০২:১৯ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় ১২ শিশু ছাত্রীকে ধর্ষণ ও যৌন হযরানির অভিযোগ পাওয়া গেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে মাহমুদপুর এলাকার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আল আমিনকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

র‌্যাব জানিয়েছে, প্রধান শিক্ষক মাওলানা আল আমিন ছাত্রীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন। তিনি মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক। একই সঙ্গে তিনি এলাকায় একটি মসজিদে ইমাম হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড হাইস্কুলের ২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আশরাফুল আরিফ ও তার সহযোগী  প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। এর সাত দিন পর একই অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আটকের খবর পাওয়া গেল।

নোয়াখালীর সুধারাম থানার দক্ষিণ শুল্লকিয়া গ্রামে সিঁধকেটে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে স্ত্রীকে (৩০) ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে স্বামীকে মারধর করে ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার

লুট করে তারা। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চট্টগ্রামের আনোয়ারা চায়না রোড এলাকায় এক তরুণীকে (১৮) দল বেঁধে ধর্ষণের পর রাস্তায় ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে এ ঘটনার পর তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাকে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় চারজনকে আসামি করে মামলা করেছে পরিবার।

ঝালকাঠির রাজাপুরে এক হিন্দু গৃহবধূকে (৩৫) দুই বখাটে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে বুধবার রাতে রাজাপুর থানায় একটি মামলা করেছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চাটরা গ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রীর (১২) ধর্ষণ মামলায় স্থানীয় মুদি দোকানি আলী মাতুব্বরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার উত্তমপুর গ্রাম থেকে আলীকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনার মদন পৌর এলাকায় কিশোরী কন্যা (১৪) চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় থানা মামলা হয়েছে। রাজবাড়ীর কালুখালী চরাঞ্চলে এবার ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ফটিকছড়ির বাগানবাজার নতুনবাজার ইসলামাবাদ এলাকায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাজল মিয়া (২৩) নামে এক ধর্ষককে আটক করেছে র‌্যাব। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবরÑ

১২ মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় ১২ শিশু ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন দেশ রূপান্তরকে জানান, গত ২৭ জুন সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অক্সফোর্ড হাই স্কুলের ২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আশরাফুল আরিফকে গ্রেপ্তারের ঘটনায় টেলিভিশনে প্রচারিত একটি সংবাদের ভিডিও ক্লিপ তার ফেইসবুক আইডিতে পোস্ট দেন। ওই পোস্ট দেখে ফতুল্লার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী মাদ্রাসার প্রধান শিক্ষক আল আমিনের বিরুদ্ধে এসব তথ্য দেন। এরই প্রেক্ষিতে র‌্যাব ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ের জবানবন্দি নেয়। একই সঙ্গে আরও কয়েক ছাত্রী ও তাদের অভিভাবকের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে র‌্যাব ওই মাদ্রাসায় গিয়ে প্রধান শিক্ষক আল আমিনকে আটক ও জিজ্ঞাসাবাদ করলে তিনি ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করেন। তিনি বলেন, আমি জঘন্য অপরাধ করেছি। আমার ফাঁসি দেওয়া হোক।

নোয়াখালীতে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ : নোয়াখালী সুধারাম থানার দক্ষিণ শুল্লকিয়া গ্রামে সিঁধকেটে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে স্ত্রীকে (৩০) ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে ঘুমিয়ে পড়ে পরিবারের সদস্যরা। রাত প্রায় ৩টার দিকে সিঁধকেটে চার সন্ত্রাসী ঘরে ঢুুকে স্বামীকে বেঁধে ফেলে। এরপর তিনজন পালাক্রমে গৃহবধূকে ধর্ষণ করে। যাওয়ার সময় স্বামীকে পিটিয়ে স্বর্ণের হার ও কানের দুল এবং ঘরে থাকা নগদ ৯০ হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায়। স্বামীর দায়ের কোপে ধর্ষক সুলতান আহত হয়েছে।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি। তারপরও খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসপাতালে গিয়ে ভিকটিমের সঙ্গে কথা বলেছেন।

পুলিশ পরিদর্শক আবদুল বাতেন জানান, ভিকটিমের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি ঘটনাস্থলে যাননি। হাসপাতালে ভিকটিম ও তার স্বামী এবং বাড়িতে থাকা তাদের একমাত্র মেয়ে আফরিন (৫) নিরাপত্তাহীনতায় ভুগছে।

চট্টগ্রামে তরুণীকে দল বেঁধে ধর্ষণ : আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ ধর্ষণের শিকার তরুণীর বরাত দিয়ে দেশ রূপান্তরকে বলেন, ওই তরুণী কর্ণফুলী থানার কোরিয়ান ইপিজেডের কেএসআই ফ্যাক্টরিতে কাজ করেন। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়। তিনি প্রতিদিন বাড়ি থেকেই কারখানায় আসা-যাওয়া করেন। বুধবার কারখানা থেকে বেরিয়ে বাড়ি ফিরতে আনোয়ারা চাতরি চৌমুহনী এলাকায় আসেন ওই তরুণী। সেখান থেকে একটি অটোরিকশায় ওঠেন। রিকশায় চালক ছাড়া আরও দুই যাত্রী ছিলেন। এ ঘটনার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার চালক এবং যাত্রী বেশে থাকা ব্যক্তিরাই জড়িত বলে আমাদের ধারণা। তিনি আরও জানান, ওই তরুণীকে দল বেঁধে ধর্ষণের পর ওই সড়কের পাশে ফেলে রেখে যায়। ওসি আরও জানান, তরুণীর বড় ভাই বাদী হয়ে থানায় চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত