৬ মাস আগেই সূচি প্রকাশ

এসএসসি পরীক্ষা শুরু আগামী বছর ১ ফেব্রুয়ারি

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০২:২৩ এএম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২০-এর সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। গতকাল বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড এই সূচি প্রকাশ করেছে। এবারই প্রথম পরীক্ষা শুরুর অন্তত ৬ মাস আগে সূচি প্রকাশ করা হলো।

সূচির নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা

শুরু হবে সকাল ১০টায়। তবে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য কিছু বিষয়ের পরীক্ষা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে। অন্যান্যবারের মতো মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা। প্রত্যেক পরীক্ষার্থী শুধু নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় বা বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবে; ভিন্ন বিষয়ে নয়। পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন সঙ্গে নিতে পারবে না।

সূচিতে দেখা গেছে, ১ ফেব্রুয়ারি বাংলা ১ম পত্র ও সহজ বাংলা ১ম পত্র, ২ ফেব্রুয়ারি বাংলা ২য় পত্র ও সহজ বাংলা ২য় পত্র, ৪ ফেব্রুয়ারি ইংরেজি ১ম পত্র, ৬ ফেব্রুয়ারি ইংরেজি ২য় পত্র, ৮ ফেব্রুয়ারি গণিত, ১০ ফেব্রুয়ারি ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা, ১১ ফেব্রুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১২ ফেব্রুয়ারি গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, ১৩ ফেব্রুয়ারি পদার্থ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, ১৫ ফেব্রুয়ারি রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ১৬ ফেব্রুয়ারি ভূগোল ও পরিবেশ, ১৭ ফেব্রুয়ারি হিসাব বিজ্ঞান, ১৮ ফেব্রুয়ারি বিজ্ঞান ও উচ্চতর গণিত, ২০ ফেব্রুয়ারি জীববিজ্ঞান ও অর্থনীতি এবং ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা হবে। ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত