চীনের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনা কাজে লাগান

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০২:২৬ এএম

অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা ব্যবসায়ীদেরকে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা খুঁজে তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। চীনের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চায়না কাউন্সিল ফর দি প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)-এ দেশটির ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাসস।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাই আমি আপনাদের বাংলাদেশের সঙ্গে ব্যবসা এবং বাণিজ্য সম্পর্কের সকল সম্ভাবনাকে খুঁজে বের করে কাজে লাগানোর আমন্ত্রণ জানাচ্ছি।’

বাংলাদেশের রপ্তানি খাত দ্রুত

সম্প্রসারিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে চীনের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে আমদানি বাড়াবেন। বস্ত্র, চামড়া, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং হালকা প্রকৌশল খাতে চীনের ব্যবসায়ীরা এখনই বিনিয়োগ সম্প্রসারণ করতে পারেন বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ চীনের অত্যন্ত নিকট প্রতিবেশী এবং ভূকৌশলগতভাবে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝে অবস্থিত। বাংলাদেশে বিনিয়োগ ১৬ কোটির অধিক জনসংখ্যার বিশাল বাজারে কেবল সরাসরি প্রবেশাধিকারই নিশ্চিত করবে না বরং পরোক্ষভাবে চীন তথা দক্ষিণ এশিয়ার ৩০০ কোটির অধিক জনসংখ্যার বাজারেও প্রবেশাধিকার প্রদান করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্প দক্ষ এবং ম্যানেজমেন্ট গ্রেড শ্রমিকদের বেতন-ভাতা বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে অনেক কম। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য নানা রকম প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় আর্থিক প্রণোদনা দেওয়া হয়।’

তিনি বলেন, ‘চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশের নির্মাণ, গতানুগতিক ও বিকল্প বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো উন্নয়নের মতো অধিকাংশ উন্নয়ন প্রকল্পই চীনা কোম্পানিগুলো বাস্তবায়ন করছে।’

গোলটেবিল বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, চীনা ব্যবসায়ীরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তারা বাংলাদেশের টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ও কনস্ট্রাকশন সেক্টরের মতো গুরুত্বপূর্ণ সব সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত