‘মাত্র ১০ রানে গুটিয়ে যাক বাংলাদেশ’

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০২:৫৬ এএম

চেস্টার-লি-স্ট্রিটে নিউজিল্যান্ডের হারে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়েই গেছে। শেষ ম্যাচে ১১৯ রানে পরাজয়ে কিউইদের নেট রানরেট কমেছে ব্যাপকহারে। তবে যাও আছে তাদের নেট রানরেট (১১ পয়েন্টের সঙ্গে +.০১৭৫), তা টপকে বাংলাদেশকে হারাতে প্রায় অসম্ভবকে সম্ভব করতে হবে পাকিস্তানকে (৯ পয়েন্টের সঙ্গে তাদের নেট রানরেট -০.৭৯২)।

সরফরাজের দল অবশ্য এতটা বাড়াবাড়ি আশা করছে কি না কে জানে, তবে মোহাম্মদ ইউসুফ আশা করেও করছেন না। পাকিস্তানের একটা নিউজ চ্যানেলে মোহাম্মদ ইউসুফ স্বীকার করেছেন তারা বাদ পড়ে গেছেন। তবে মজা করে বলেছেন, একমাত্র দৈব কিছু ঘটলেই পাকিস্তান সেমিতে যেতে পারে। ‘সন্দেহ নেই যে পাকিস্তান সেমিফাইনাল দৌড় থেকে ছিটকে গেছে। এখন যদি বজ্রাঘাত হয় বাংলাদেশের ওপর এবং তারা ১০ রানে গুটিয়ে যায়, তাহলেই কেবল আমাদের সম্ভাবনা আছে। তবে এই দৃশ্য দেখা খুব খুব কঠিন। যদি আমরা কোনো ভুয়া দলের বিপক্ষেও খেলি তাও ৩১৬ রানে জয় পাওয়া কঠিন কাজ।’

পাকিস্তানের সঙ্গে যে ম্যাচে বাংলাদেশ সবচেয়ে কম ৮৭ রানে অল আউট হয়েছিল, ২০০০ সালে ঢাকায় এশিয়া কাপের সে ম্যাচে ছিলেন ইউসুফ। পাকিস্তানের ৩ উইকেটে ৩২০-এ তার ছিল ৮৭ রানের অবদান।

আজ লর্ডসে সেই ম্যাচের পুনরাবৃত্তি হলেও লাভ হবে না পাকিস্তানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত