আতলেতিকোয় নাম লেখালেন ‘নতুন রোনালদো’

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০১:০৫ পিএম

ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকে পেছনে ফেলে উদীয়মান ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে দলে টেনেছে আতলেতিকো মাদ্রিদ। এ ব্যাপারে পর্তুগিজ এই ফুটবলারের বর্তমান ক্লাব বেনফিকার সঙ্গে মতৈক্যে পৌঁছেছে স্পেনের ক্লাবটি।

‘নতুন রোনালদো’ নামে খ্যাতি পাওয়া ফেলক্সিকে পেতে আতলেতিকোকে গুণতে হচ্ছে ১২ কোটি ৬০ লাখ ইউরো। বৃহস্পতিবার এই দল-বদলের খবর নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ১৯ বছর বয়সী ফেলিক্সকে দলে টানা নিয়ে টুইট করেছে আতলেতিকোও। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন ফেলিক্স।

গত বছরের অগাস্টে বেনফিকার মূল দলে অভিষেক হয় ফেলিক্সের। অল্প সময়েই সবার নজর কাড়েন আক্রমণভাগের এই খেলোয়াড়। বেনফিকার পর্তুগালের সেরা লিগের শিরোপা জয়ের পেছনে ১৫ গোল করে অবদান রাখেন ফেলিক্স। এরপর থেকেই পর্তুগালের এই ফুটবলারের প্রতি নজর রাখছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটিসহ ইউরোপের নামি-দামী ক্লাবগুলো।

৬ জুন উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ৩-১ গোলের জয়ের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ফেলিক্সের। তিনদিন পর নেদারল্যান্ডসের বিপক্ষে পর্তুগালের ১-০ গোলে জেতা ফাইনালে শুরুর একাদশে ডাক পান তরুণ এই ফুটবলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত