শচীনের রেকর্ড কেড়ে নিলেন এই আফগান তরুণ

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০২:০৫ পিএম

এবারের বিশ্বকাপে সান্ত্বনার জয়ও পেল না আফগানিস্তান। শেষ ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাঁত কামড়ে লড়লেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে এই ম্যাচে ভারতের ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকারের ২৭ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে দিয়েছেন আফগান তরুণ ব্যাটসম্যান ইকরাম আলি খিল।

বৃহস্পতিবার লিডসের হেডিংলিতে উইন্ডিজের কাছে ২৩ রানে হারে আফগানিস্তান। ৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮৮ রানে থেমে যায় দলটির রানের চাকা। ম্যাচটিতে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৯৩ বলে ৮৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন ইকরাম। তাতেই শচীনের মনে রাখার মতো একটি রেকর্ড ভেঙে নিজের করে নেন ১৮ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

এতদিন সবচেয়ে কম বয়সী হিসাবে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল শচীনের দখলে। সেই রেকর্ডটি এখন ইকরামের দখলে। ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮ বছর ৩২৩ দিন বয়সে ৮৪ রান করেছিলেন শচীন। ওই বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ বছর ৩১৮ দিন বয়সে ৮১ রানের ইনিংসও খেলেছিলেন ভারতের এই মাস্টার-ব্লাস্টার ব্যাটসম্যান। ১৮ বছর ২৭৮ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৬ রানের ইনিংস খেলে রেকর্ডটি নিজের করে নিলেন ইকরাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত