শ্রদ্ধা বজায় রেখে পাঁচ বছরের সম্পর্কে ইতি অভিনেত্রীর

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০৩:০৬ পিএম

সম্পর্কে ছেদ টানলেন ‘নীল বাটে সানাটা’-খ্যাত বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। পাঁচ বছরের সম্পর্ক নিয়ে আর পেরে উঠছিলেন না তিনি।

রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে বরাবর স্পষ্ট কথা বললেও ব্যক্তিগত জীবনকে অন্তরালে রেখেছিলেন স্বরা। তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি দিয়েছে ভারতীয় মিডিয়া।

স্বরার সাবেক প্রেমিক হিংমাশু শর্মা পেশায় লেখক। জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাদের আলাপ ২০১৫ সালে আনন্দ এল রাই পরিচালিত সেই ‘তনু ওয়েডস মনু’র সময়।

এরপর ধীরে ধীরে বন্ধুত্ব আরও গাঢ় হয়। বন্ধুত্ব গড়ায় প্রেমে। দুজনের বাড়ির লোকজনও সম্পর্কের কথা জানতেন। ‘তনু ওয়েডস মনু’র পর ‘রানঝানা’ ছবিতেও কাজ করেন একসঙ্গে।

পরিচালক-প্রযোজক আনন্দ এল রাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু হিমাংশু। আর তাই আনন্দের বেশির ভাগ ছবির চিত্রনাট্যের দায়িত্বেই থাকেন তিনি।

প্রথমে সম্পর্কের কথা স্বীকার না করলেও ২০১৬ সালে স্বরা জানান, হিমাংশুর সঙ্গে প্রেম করছেন। তবে কোনো দিনই এই যুগলকে সেভাবে বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে দেখা যায়নি।

সম্প্রতি তারা বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক থেকে বেরোনোর সিদ্ধান্ত নেন। দুই পরিবারের সবাই তাদের সিদ্ধান্তে পাশে রয়েছে।

সম্পর্কে ইতি টানলেও স্বরা ও হিমাংশু মোটেই কথা বলা বন্ধ রাখেননি। পরস্পরের ওপর শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেছেন। তবে ঠিক কম কারণে তাদের বনিবনা হচ্ছিল না- তা জানা যায়নি।

মাস দু-এক আগেই লখনউতে স্বরার ভাইয়ের রিসেপশনে উপস্থিত ছিলেন হিমাংশু। আবার সম্প্রতি, তাদের মুম্বাই বিমানবন্দরেও দেখা গিয়েছিল একসঙ্গে।

স্বরাকে সর্বশেষ দেখা গেছে ‘ভিরে দ্য ওয়েডিং’ সিনেমায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত