বিএনপি আদালত পকেটে রাখত: আইনমন্ত্রী

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০৫:১১ পিএম

বিএনপি ক্ষমতায় থাকার সময় আদালত ‘পকেটে রাখত’ বলে মন্তব্য করেছন আইনমন্ত্রী আনিসুল হক।

পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে বোমা হামলায় আদালতের দেয়া রায়কে ‘ফরমায়েশি’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের করা অভিযোগ সঠিক নয় জানিয়ে এ মন্তব্য করেন আনিসুল হক।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণাবড়িয়া কসবা উপজেলা পরিষদের চার কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা বলেন।

মন্ত্রী এ সময় আরো বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে ১৯৯৪ সালে আর তদন্ত শুরু হয়েছিল বিএনপির আমলে ১৯৯৫ সালে। মামলার বিচার কাজ শুরু হয়েছে ১৯৯৮ সালে। ২২ বছর পর এ মামলার রায় হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত রায় দিয়েছেন। এখানে ফরমায়েশি রায়ের প্রশ্ন ওঠে কী করে সেটা আমি বুঝি না’।

তিনি বলেন, ‘বিএনপির আমলে আইনের শাসন ছিল না। তারা পকেটের মধ্যে কোর্টকে রাখত। সেই আমল বদলে গেছে কিন্তু তাদের (বিএনপি) চিন্তাধারা বদলায়নি বলেই এসব আজে-বাজে কথা বলেন’।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খালোদা জিয়াকে তার অসুস্থ্যতা যতটুকু আছে তার থেকেও যেন বেশি সেবা করা যায় সেজন্যই তাকে হাসপাতালে রাখা হয়েছে। এমন কোনো ব্যক্তি নেই যার সাজা হয়েছে এবং তাকে প্রতিপালনের জন্য বিনা দোষে কারাগার বরণ করছে। সেই ফাতেমাকেও তার (খালেদা জিয়া) সঙ্গে দেওয়া হয়েছে’।

উদ্ধোধনী অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এমজি হাক্কানী, কাজি আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঞা বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. আনিছুল ইসলাম ভূঞা, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজালুর রহমান রিমন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত