রাজনৈতিক তথা সামাজিক বিষয় নিয়ে বরাবর স্পষ্ট কথা বললেও ব্যক্তিগত জীবন তিনি আগাগোড়াই স্পটলাইটের অন্তরালে রাখতে পছন্দ করতেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তাই বোধ হয় প্রেমিক হিমাংশুর সঙ্গে স্বরার সম্পর্ক নিয়ে খুব একটা গুঞ্জন শোনা যায়নি। তবে, এবার শোনা গেল দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানলেন স্বরা ভাস্কর। হিংমাশু শর্মা পেশায় লেখক। জাতীয় পুরস্কারও পেয়েছেন। স্বরার সঙ্গে হিংমাশুর আলাপ ২০১৫ সালে আনন্দ এল রাই পরিচালিত সেই ‘তানু ওয়েডস মানু’ সিনেমার সেটে। এরপর বন্ধুত্ব গড়ায় প্রেমে। দুই পক্ষের বাড়িতেও তাদের সম্পর্কের কথা জানত। ‘তানু ওয়েডস মানু’র পর ‘রানঝানা’ সিনেমায়ও দুজনে কাজ করেন একসঙ্গে। আনন্দ এল রাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু হিমাংশু। আর তাই আনন্দের বেশির ভাগ সিনেমার চিত্রনাট্যের দায়িত্বেই থাকেন তিনি। প্রথমটায় সম্পর্কের কথা স্বীকার না করলেও ২০১৬ সালে স্বরা অকপটে বলেন, হিমাংশুর সঙ্গে তার সম্পর্কের কথা। সূত্রের খবর, সম্পর্ক থেকে বেরোনোর সিদ্ধান্ত যৌথভাবেই নিয়েছেন তারা। তবে সম্পর্কে ইতি টানলেও তারা কিন্তু কথা বলা বন্ধ রাখেননি। পরস্পরের ওপর শ্রদ্ধা এবং সম্মান বজায় রেখেই ইতি টেনেছেন পাঁচ বছরের সম্পর্কে। তবে ঠিক কী কারণে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না, তা জানা যায়নি।
×
