‘শিগগিরই’ সমাধানের আশা সার্চ কমিটির

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০১:৩৯ এএম

ছাত্রত্ব আছে এমন ছাত্ররাই ছাত্র সংগঠনের নেতৃত্বে আসুকÑ ‘তৃণমূলের এই আকাক্সক্ষার’ সঙ্গে সংগতি রেখেই ছাত্রদলের নতুন কমিটি গঠনে অঙ্গীকারবদ্ধ বিএনপির হাইকমান্ড। গতকাল শুক্রবার দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে এ অঙ্গীকারের কথা জানান ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, কমিটি গঠন নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছিল তা দুয়েক দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। নতুন কমিটি গঠনে বয়সসীমা নির্ধারণ করে দেওয়ায় বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা সংকট সমাধানে যে প্রক্রিয়ার প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সার্চ কমিটি জানতে চাইলে দুদু বলেন, বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। তারা দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতি করেছে। তাদের ত্যাগ রয়েছে। তাদের প্রস্তাব গুরুত্বের সঙ্গে মূল্যায়নে সচেষ্ট রয়েছেন সার্চ কমিটির সদস্যরা।

বিক্ষুব্ধদের দিয়ে কাউন্সিল প্রস্তুতি কমিটি করার যে দাবি তারা জানিয়েছেন সে বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘দাবি মেনে যে ১২ জনকে বহিষ্কার করা হয়েছে তাদের মধ্য থেকে আহ্বায়ক কমিটি কিংবা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হলে তা দলের জন্য ভালো দৃষ্টান্ত হবে না। তাই তাদের এ দাবি মানা সম্ভব নাও হতে পারে।’

অতীতে বহিষ্কৃতদের দিয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনের ঘটনা আছে। সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘অতীতে হয়েছে বলে আগামীতেও তা অনুসরণ করতে হবেÑ তা ঠিক নয়।’

তবে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের দাবি মেনেই সার্চ কমিটি সঙ্কট সমাধান করবে বলে আশা করছেন ভেঙে দেওয়া কমিটির সহসভাপতি এজমল হোসেন পাইলট। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘সার্চ কমিটি আমাদের দাবি না মানলে আবারও আন্দোলনে যেতে হবে।’ বিক্ষুব্ধ এই ছাত্রদল নেতা আরও বলেন, ‘সঙ্কট সমাধানে সহযোগিতা করছি আমরা। ছাড়ও দিয়েছি। তাই সমাধানের আশা করছি।’

গত ৩ জুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিলুপ্ত করে বিএনপি নতুন কমিটি গঠনের একটি প্রক্রিয়া ঘোষণা করে। বলা হয়, ২০০০ সালে এসএসসি কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারবেন। এর প্রতিবাদে ভেঙে দেওয়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেন। একই সঙ্গে বয়সসীমা নির্ধারণ না করে গতানুগতিকভাবে কমিটি করার দাবিতে গত ১০ জুন থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে। তাদের দাবিকে পাত্তা না দিয়ে ১২ নেতাকে বহিষ্কার করে ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিলের তফসিল ঘোষণা করে বিএনপি। এরপর বিক্ষুব্ধরা কাউন্সিল স্থগিত করে পুনঃতফসিলের দাবি জানিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং প্রার্থীদের মধ্যে ফরম বিতরণে বাধা সৃষ্টি করে। এর এক পর্যায়ে তফসিল স্থগিত করা হয়।

ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে যে সঙ্কট তৈরি হয়েছে তার সমাধান কোন পথে জানতে চাইলে সার্চ কমিটির সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দেশ রূপান্তরকে বলেন, বিরোধী রাজনীতিতে নতুন কমিটি গঠন প্রক্রিয়া সবসময় বাধাগ্রস্ত হয় ক্ষমতাসীন দলের ইন্ধনের কারণে। বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা যাতে সরকারের পাতা ফাঁদে পা না দেয় সে দিকে খেয়াল রেখে সঙ্কট সমাধানের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। সমাধানে আসার পর নতুন করে কাউন্সিলের তফসিল ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত