রাজধানীর ওয়ারীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর নির্মাণাধীন একটি ভবন থেকে সামিয়া আফরিন সায়মা নামে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। সায়মা স্থানীয় সিলভারডেল নামে একটি বিদ্যালয়ের ছাত্রী ছিল।
ওয়ারী থানার ওসি আজিজুর রহমান দেশ রূপান্তরকে জানান, মাগরিবের নামাজের আজানের সময় থেকে সামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর নির্মাণাধীন একটি ভবনের অষ্টম তলার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে। মরদেহের মুখসহ বিভিন্ন স্থানে রক্তের দাগ ছিল। সামিয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমন ধারণার কথাও জানান ওসি আজিজুর রহমান।
মাদারীপুরের রাজৈরের পূর্ব স্বরমঙ্গল গ্রামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণ পর থেকে বখাটে নূর হোসেন পলাতক রয়েছে। শিশুটিকে বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনা সালিশে মীমাংসা করতে স্থানীয় প্রভাবশালী মহল পরিবারকে চাপ দিচ্ছে।
নেত্রকোনার কেন্দুয়ার আঠারবাড়ি মা হাওয়া (আ.) কওমি মহিলা মাদ্রাসায় নিজ কক্ষে ডেকে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা চালিয়েছে আবুল খায়ের বেলাল নামে এক শিক্ষক। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে আদমজী ইপিজেডের সামনে থেকে এক তরুণীকে (১৬) অপহরণ করে ধর্ষণ, এরপর দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ওই তরুণীকে উদ্ধার করে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসার ১২ শিশু ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে শিক্ষক মাওলানা আল আমিন। তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক সুজনের মা ও বোনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত আমাদের প্রতিনিধিদেও পাঠানো খবরে
মাদারীপুরে ছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণ : মাদারীপুরের রাজৈরের পূর্ব স্বরমঙ্গল গ্রামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বখাটে নূর হোসেন মৃধা (৫৫) একটি ভ্যান গ্যারেজের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় যাতে চিৎকার করতে না পারে সেজন্য গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে রাখা হয়। পরে স্থানীয় এক নারী শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখলে বিষয়টি জানাজানি হয়। শিশুটির মা কিছুদিন আগে মারা গেছে।
শিশুর বাবা বলেন, ‘আমার মেয়ের মুখে গামছা বেঁধে ধর্ষণ করেছে। পরে দেলোয়ার শেখ সালিশ করে দেবে বলে আমাকে হাসপাতালে আসতে দেয়নি। পুলিশকে জানাতেও নিষেধ করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
রাজৈর থানার ওসি শাহজাহান মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। আমাকে কেউ জানায়নি। শিশুটির পরিবারের লোক এলে মামলা নেওয়া হবে।
কেন্দুয়ায় মাদ্রাসার ভেতর ছাত্রী ধর্ষণচেষ্টা : নেত্রকোনার কেন্দুয়ায় নিজ মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল খায়ের বেলাল (৩৫) নামে এক শিক্ষককে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাদ্রাসার এক শিশু ছাত্রীকে প্রধান শিক্ষক আবুল খায়ের বেলাল তার নিজ কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে অন্য শিক্ষার্থীরা এগিয়ে আসে। এ খবর শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মাদ্রাসার শিক্ষককে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ মাদ্রাসার শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ গিয়ে ওই শিক্ষককে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সিদ্ধিরগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ : সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে আদমজী ইপিজেডের সামনে থেকে এক তরুণীকে (১৬) অপহরণ ও ধর্ষণ এবং পরে দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ওই তরুণীকে উদ্ধার করে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে গত ২৫ জুন ওই তরুণীকে আদমজী ইপিজেডের সামনে নিয়ে যায় মনির হোসেন জামাল নামে এক ব্যক্তি। এরপর থেকে আর ওই তরুণী বাসায় ফেরেনি। মনিরকেও খুঁজে পাওয়া যায়নি। ২৮ জুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডির সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীম আহমেদ গত বৃহস্পতিবার রাতে ঢাকার মুগদা থানার মাদিনাবাগ এলাকার ৩৮/ক আবদুল জব্বারের বাড়ির ভাড়াটিয়া হেলেনা বেগমের বাসা থেকে অপহৃত তরুণীকে উদ্ধার করে।
ওই তরুণী পুলিশকে জানায়, তাকে অপহরণের পর হেলেনার বাসায় আটক রেখে প্রথমে মনির ধর্ষণ করে। পরে আরও কয়েকজন দফায় দফায় ধর্ষণ করে। হেলেনা একজন দেহব্যবসায়ী। মনির তরুণীকে দেহব্যবসায়ী হেলেনার কাছে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীম আহমেদ জানান, অপহরণ করে ধর্ষণ ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
১২ শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুটি মামলা : নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসার ১২ শিশু ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক মাওলানা আল আমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতিত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এবং অপর মামলাটি র্যাবের পক্ষ থেকে পর্নোগ্রাফি আইনে করা হয়েছে। গতকাল সকালে ফতুল্লা থানায় এ মামলা দুটি করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন দেশ রূপান্তরকে জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রধান শিক্ষক আল আমিন মাদ্রাসার ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি ওইসব শিশু শিক্ষার্থীকে পর্নোগ্রাফি ভিডিও চিত্র দেখিয়ে এবং তাদের ছবি যুক্ত করে পর্নোগ্রাফি বানিয়ে ব্ল্যাকমেইল করে আসামাজিক কাজে বাধ্য করত বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আল আমিনকে গ্রেপ্তার করে র্যাব।
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণ, আটক ২ :
জেলার বালিয়াডাঙ্গীতে এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বখাটে সুজন (২০) পালিয়ে গেলেও তার মা জরিমন বেগম (৪৭) ও বোন ইয়াসমিন আক্তারকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করেছে পুলিশ।
স্কুলছাত্রীর ভাই জানান, গত বৃহস্পতিবার কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিল তার বোন। এ সময় তাকে রাস্তা থেকে ধরে নিয়ে যায় সুজন আলী ও তার পরিবারের লোকজন। চিৎকার করলে তাকে বেধড়ক মারপিট করা হয়। অজ্ঞান হয়ে পড়লে ওই দিন সন্ধ্যায় মোটরসাইকেলে করে ছাত্রীর বাড়ি সামনে ফেলে আসা হয়। রাতেই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। পরদিন তাকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রীর বাবা জানান, গত তিন মাস ধরে আমার মেয়েকে উক্ত্যক্ত করে আসছিল সুজন আলী। বিষয়টি তার পরিবারকে জানালে ভয়ঙ্কর হয়ে ওঠে সুজন।
থানার ওসি মোসাব্বেরুল হক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমজাদ হোসেন জানান, স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় শুক্রবার সুজন আলী, তার বাবা ইসলাম উদ্দীন, মা জরিমন বেগম, বোন ইয়াসমিন আক্তার এবং সহযোগী প্রতিবেশী ফরহাদ হোসেনকে আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই স্কুলছাত্রীর বাবা। তাৎক্ষণিক ধর্ষকের মা ও বোনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
