সংবাদ সম্মেলনে কাদের

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আ.লীগ সমর্থন করে না

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০২:২৫ এএম

‘ক্রসফায়ার’ আর ‘এনকাউন্টার’ এক বিষয় নয় এবং আওয়ামী লীগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর গত বৃহস্পতিবার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে হাইকোর্টের একটি বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং (বিচারবহির্ভূত হত্যাকাণ্ড) পছন্দ করি না।’ এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, এটা বলেনি। এখানে এনকাউন্টারের বিষয়টি বলা হয়েছে। ক্রসফায়ার আর এনকাউন্টার এক বিষয় নয়। যেটা হয়েছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। কাজেই এ বিষয়ের সঙ্গে বিচারবহির্ভূত বিষয়টির যোগসূত্র আছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে কেউ পায়নি। হাইকোর্টের মন্তব্য হাইকোর্ট করতে পারে। আর স্বাভাবিকভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কি কেউ সমর্থন করে? এটা আমরা করি না।’

গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে অসন্তোষের বিষয়ে তিনি বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির ব্যাপারে আমি আগেও কথা বলেছি, যৌক্তিক কিছু কারণ এখানে রয়েছে। দামের সমন্বয় করার জন্য এটা অনস্বীকার্য। এটা পুনর্বিবেচনা করবে কি না, এটা সরকারের উচ্চপর্যায়ের বিষয়। তবে আমার মনে হয় না এটা পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে। কারণ, এখনও ভর্তুকি দিতে হচ্ছে প্রচুর। এ কারণেই মূল্যবৃদ্ধির মাধ্যমে সমন্বয় করা হয়েছে। আর ১৪ দলের মধ্যে সবাই একমত তা নয়। ১৪ দলের মধ্যে যারা এই মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক বলছে, আমি তাদেরকে যৌক্তিক বিষয়গুলো অনুধাবনের জন্য অনুরোধ করছি।

প্রধানমন্ত্রীর চীন সফরে বিএনপি সরকারের দুর্নীতির গন্ধ পাচ্ছেÑ এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘চুক্তি হয়েছে উন্নয়নের জন্য। উন্নয়ন তাদের চোখে পড়ে না। এজন্য ফখরুল সাহেবদের পরামর্শ দিচ্ছি পাওয়ারের চশমা পরার জন্য। দেশের মঙ্গলের জন্য যারা ইনভেস্ট করতে পারে আমরা তাদের কাছে যাব। বাংলাদেশের উন্নয়নের জন্য তাদের গা-জ্বালা করছে। তাদের বিরোধিতা সরকারের বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য চীন সফরে গিয়েছেন। এটাই তাদের গাত্রদাহের কারণ।’

প্রধানমন্ত্রীর চীন সফরে কোন বিষয়টা বেশি গুরুত্ব পাচ্ছেÑ জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু। মিয়ানমারকে চাপ দেওয়ার ইস্যুটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তাদেরকে প্রেসার দেওয়ার ব্যাপারে তারাও আশ্বাস দিয়ে বলেছে, তারা মিয়ানমারকে চাপ দেবে, বোঝাতে চেষ্টা করবে। মিয়ানমার যেন তাদের নাগরিকদের সম্মানের সঙ্গে ফিরিয়ে নিয়ে যায়।’

শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি-বোমা হামলা মামলার রায় নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘কোনো মামলার রায় বিএনপির বিরুদ্ধে গেলে তারা এই রায়কে বানোয়াট বলে, সরকারের হস্তক্ষেপ বলে। এটা তাদের গতানুগতিক পর্যবেক্ষণ। এখানে নতুনত্ব কিছু নেই। এবারও ব্যতিক্রম কিছু ঘটেনি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত