শেষ হলো এবারের বিশ্বকাপে বাংলাদেশের মিশন। এই মিশনে সম্ভাবনা দেখিয়েও লক্ষ্য পূরণ হলো না তাদের। পেল না কাঙ্ক্ষিত সেমি-ফাইনালের টিকিট। এই ব্যর্থতার জন্য দলের বাজে বোলিং ও ফিল্ডিংকে দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচটাতেও আশানুরূপ খেলতে পারলো না বাংলাদেশ। লর্ডসে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচটিতে ৯৪ রানে হারে তারা। ৩১৬ রান তাড়ায় গুটিয়ে যেতে হয় ২২১ রানে।
ম্যাচ শেষে বিশ্বকাপ থেকে দলের বিদায়ী সংবাদ সম্মেলনে কথা বলেন মাশরাফী। দলের পারফরম্যান্স বিশ্লেষণে ব্যর্থতার জন্য তিনি দায়ী করলেন বোলিং ও ফিল্ডিংকে।
“বোলিং-ফিল্ডিং আমাদের উদ্বেগের বিষয় হয়ে থাকছে। বোলিং আপ টু দা মার্ক ছিল না। আমি থেকে শুরু করে অনেকেই। বিশেষ করে প্রথম ১০-২০ ওভারে। এই সময়ে উইকেট তুলে নিতে হয়। কিছু ম্যাচে বাজে ফিল্ডিংয়ের মাশুল দিতে হয়েছে। বিশেষ করে গ্রাউন্ড ফিল্ডিংয়ে। একজন বোলার হিসেবে আপনি রান আটকাতে গেলে ভালো ফিল্ডিং অনেক উৎসাহ দেয়। এটা হচ্ছিল না। একটা পার্টনারশিপ হলেই আমরা পিছিয়ে যাচ্ছিলাম।”
টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের হাত গলে পড়েছে আটটি ক্যাচ। যেগুলো লুফে নিতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। এই প্রসঙ্গে মাশরাফী বলেন, “কিছু ক্যাচ মিস হয়েছে। এসব মাঠে হবেই। আশা করি ভবিষ্যতে এসব নিয়ে কাজ করা হবে, আমরা এসব জায়গায় অনেক ভালো করব।”
