জবি ছাত্রলীগের সম্মেলন ২০ জুলাই

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১০:০০ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলন ২০ জুলাই অনুষ্ঠিত হবে। শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন নির্ধারণ করা হয়েছে। সম্মেলন আয়োজনে নিমিত্তে সম্মেলনের প্রস্তুতি কমিটি হিসেবে আশরাফুল ইসলাম টিটনকে  আহ্বায়ক করা হয়েছে।

এছাড়াও জামাল উদ্দিন, সৈয়দ শাকিল ও নাহিদ পারভেজসহ ৮ জনকে যুগ্ম আহ্বায়ক এবং শেখ মেহেদী হাসান ও নুরুল আসফসারসহ ১২ জনকে সদস্য করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ মার্চ শাখা ছাত্রলীগের প্রথম সম্মেলনের দীর্ঘ ছয় মাস পরে ওই বছরের ১৭ অক্টোবর তরিকুল ইসলামকে সভাপতি ও শেখ জয়নুল আবেদিন রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটি ঘোষণার পর থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগসহ গত ৩ ফেব্রুয়ারি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কিন্তু কমিটির কার্যক্রম স্থগিত ও ঘটনার তদন্ত চলাকালীন জবি ছাত্রলীগের দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ালে ১৯ ফেব্রুয়ারি কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি বিলুপ্ত হওয়ার ৫ মাস পর শাখা ছাত্রলীগের ২য় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত