বিশ্বকাপের শুরুতে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি মোস্তাফিজুর রহমান। কিন্তু টুর্নামেন্টের শেষ দিকে নিজেকে ভালোভাবেই চিনিয়েছেন বাংলাদেশ দলের এই তারকা পেসার। শেষ দুই ম্যাচে নিয়েছেন ১০ উইকেট! এই কাটার মাস্টারকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের সম্পদ হিসেবে দেখছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার লর্ডসে পাকিস্তানের কাছে ৯৪ রানে হারে বাংলাদেশ। দল হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ। দশ ওভার বোলিং করে ৭৫ রান নিয়েছেন ৫ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন তরুণ এই পেসার। এর আগে ভারতের বিপক্ষেও পাঁচটি উইকেট নেন মোস্তাফিজ। আট ম্যাচে তার উইকেট দাঁড়িয়েছে ২০টি।
মোস্তাফিজের প্রশংসায় বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বলেন, “ক্যারিয়ারের শুরু থেকে মোস্তাফিজকে খেলা কঠিন ছিল। গত দুই বছর ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। কিন্তু গত আয়ারল্যান্ড সিরিজ থেকে সে ছন্দ খুঁজে পেয়েছে। সে বাংলাদেশের বড় সম্পদ।”
