সহকর্মীকে কামড় অধ্যাপকের!

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১২:০৮ পিএম

চুলোচুলি, হাতাহাতির ঘটনা যে ঘটে না তেমন নয়। তাই বলে কামড়াকামড়ি। আর কাণ্ডটা ঘটিয়েছেন এক বিশ্ববিদ্যালয় অধ্যাপক।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের এক অধ্যাপক আরেক অধ্যাপকের হাতে কামড় দিয়েছেন।

সংবাদ প্রতিদিন জানায়, অভিযোগ পেয়েই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উপাচার্য নিমাইচন্দ্র সাহা। নিন্দায় সরব হয়েছেন অনেকেই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঘটনার পরেই হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অধ্যাপক তন্ময় দাশগুপ্তসহ ওই বিভাগের কয়েকজন অধ্যাপক উপাচার্যর সঙ্গে দেখা করেন। তারা বিভাগীয় প্রধান গৌতম মিত্রর বিরুদ্ধে তার কাছে নালিশ জানান।

ঘটনার কথা শুনে ক্ষুব্ধ হন উপাচার্য। লিখিত অভিযোগ পেয়েই তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। দুই ডিন ও দর্শন বিভাগের প্রধানকে নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপাচার্য জানান, ১০ জুলাইয়ের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে তা কর্মসমিতির বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এমবিএ বিভাগের অধ্যাপকরা উপাচার্যকে জানান, বিভাগীয় প্রধানের সঙ্গে সাবেক বিভাগীয় প্রধানের একটি বিষয়ে মতানৈক্য হয়। দুজনের বচসাও বেঁধে যায়। এরই একপর্যায়ে তন্ময়ের হাতে কামড় দেন গৌতম। তাদের ছাড়াতে গেলে আরও এক অধ্যাপক জখম হন।

বিভাগীয় প্রধান গৌতম মিত্র অবশ্য দাবি করেছেন, তাদের বিভাগ খুবই ভালো চলছে। আর এই অপবাদের দায় তিনি নেবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত