আশুলিয়ায় ট্রাকচাপায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০২:১৮ পিএম

আশুলিয়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নয়ন শেখ (২৭) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসলেও ট্রাক ও এর চালককে আটক করতে পারেনি পুলিশ। শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের টঙ্গাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন শেখ পঞ্চগড় জেলার সদর থানার পাহাড়বাড়ি এলাকার আতিয়ার রহমানের ছেলে। তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থেকে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন।

থানা পুলিশ জানায়, পরিচ্ছন্নতাকর্মী নয়ন সকালে বাসা থেকে কাজের উদ্দেশ্যে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আসেন। কাজের একপর্যায়ে তিনি বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের টঙ্গাবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নয়ন শেখকে উদ্ধার করে বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চলছে। এছাড়া মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত