পাবনা বিএনপির কমিটিতে ৩ ফাঁসির আসামি

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০৭:৫৯ পিএম

পাবনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে রয়েছেন শেখ হাসিনার ট্রেন বহরে গুলিবর্ষণ মামলার তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদীর সাবেক পৌর মেয়র মোখলেসুর রহমান বাবলু, ঈশ্বরদীর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান।

পুরোনো কমিটি ভেঙে ৪৩ সদস্যের নতুন কমিটিতে হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারকে যুগ্ম আহ্বায়ক ও সিদ্দিকুর রহমান সিদ্দিককে সদস্যসচিব করা হয়েছে। তবে, কমিটিতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি রক্ষা কমিটির নেতৃত্ব দেয়া পাবনার পৌর মেয়র কামরুল হাসান মিন্টুকে রাখা হয়নি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ নতুন কমিটির তালিকার বিষয়টি শনিবার (৬ জুলাই) নিশ্চিত করেন পাবনা জেলা কমিটির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম।

আহ্বায়ক কমিটিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সদস্য করার বিষয়ে জানতে চাইলে, সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ওই মামলায় আমাদের নেতৃবৃন্দকে উদ্দেশ্যমূলক ভাবে ফাঁসানো হয়েছে। সরকারের প্রেসক্রাইবড এ রায় আমরা প্রত্যাখ্যান করেছি। উচ্চ আদালতে আপিলে তারা নিশ্চয়ই ন্যায় বিচার পাবেন।

হাবিব আরও বলেন, রাজনৈতিক ষড়যন্ত্রে মৃত্যুদণ্ড হলেও, কমিটিতে স্থান পাওয়া নেতারা দীর্ঘদিনের পরীক্ষিত । তারা নিজের যোগ্যতায় কমিটিতে স্থান পেয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত