ফেনীতে সংবাদ সম্মেলন

র‌্যাব পরিচয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগ

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১০:২৯ পিএম

ফেনীর সোনাগাজীতে র‌্যাব পরিচয়ে অপহরণের অভিযোগে ফেনীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন নিখোঁজ যুবলীগ নেতা মিলন গাজীর স্ত্রী ও পরিবার। গত ১০ মে র‌্যাব পরিচয়ে সাদা পোশাকে সোনাগাজীর ওলামা বাজারের জাহাঙ্গীর ফার্মেসি থেকে মিলন গাজীকে একটি কালো মাইক্রোবাসে তুলে পশ্চিম দিকে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃত মিলন গাজী চর-ছান্দিয়া ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার বাবা আবদুস সামাদ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মিলনের ছেলে আব্দুল্লাহ আল নোমান। বক্তব্য রাখেন মিলনের স্ত্রী আকলিমা বেগম। উপস্থিত ছিলেন মিলনের ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তারসহ পরিবারের সদস্যরা।

গাজী মিলনের স্ত্রী আকলিমা বেগম সংবাদ সম্মেলনে জানান, প্রায় দুই মাস ধরে নিখোঁজ স্বামীকে ফিরে পেতে র‌্যাব, পুলিশ, ডিবি পুলিশ, পিবিআই, স্থানীয় এমপি মাসুদ চৌধুরী, ফেনী সদরের এমপি নিজাম উদ্দিন হাজারীসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু কেউ তার খোঁজ দেননি। সোনাগাজী মডেল থানার ওসি মইন উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর মিলনকে উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।

র‌্যাব ফেনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসপি জুনায়েদ জাহিদি সংবাদ সম্মেলনে পরিবারের অভিযোগ অস্বীকার করে বলেন, মিলন নামের কাউকে র‌্যাব আটক বা তুলে আনেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত