হাসিনার ট্রেনে হামলা: সান্ত্বনা দিতে দণ্ডাদেশপ্রাপ্তদের বাড়িতে বিএনপি নেতারা

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১২:৫৮ এএম

১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে গুলি ও বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দলের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের সান্ত্বনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ পাবনা বিএনপির নেতারা।

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত  ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় মামলার রায়ে দণ্ডিত নেতাকর্মীদের বাড়িতে যান তারা।

এই মামলায় উচ্চ আদালতে প্রয়োজনীয় আইনগত সহযোগিতার আশ্বাস দেন শিমুল বিশ্বাস। প্রথমে তিনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর ফতে মোহাম্মদপুরের বাড়িতে যান। ওই সময় বিএনপি নেতাদের দেখে বাবলুর স্ত্রীসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। সেখান থেকে শিমুল যান পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ বাকিদের বাড়িতে।

এ বিষয়ে শিমুল বিশ্বাস বলেন, দেশে বর্তমানে আইনের শাসন নেই। এই কারণে তার দলের ঈশ্বরদীর নেতা-কর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। দলের পক্ষ থেকে আইনি সব সহযোগিতা দেওয়া হবে। ওই সময় তার সঙ্গে ছিলেন পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জুসহ ছয় সদস্যের প্রতিনিধি দল।

শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় করা মামলার রায়ে ঈশ্বরদীর ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন পাবনার বিশেষ ট্রাইব্যুনাল-৩-এর বিচারক রুস্তম আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত