প্রথমবার ঢাকার মঞ্চে অভিনয় করার কথা দুই বাংলার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্তের। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে তার অভিনীত ও নির্দেশিত নাটক ‘সেলসম্যানের সংসার’ নাটকটির প্রদর্শনী হওয়ার কথা।
আয়োজকদের পক্ষ থেকে টিকিট বিক্রি শুরু হলেও নাটকটির প্রদর্শনী নিয়ে শুরু হয়েছে জটিলতা। জানা যায়, টিকিট বিক্রি শুরু করলেও আয়োজকরা মিলনায়তনই বরাদ্দ নেয়নি।
এদিকে গ্রুপ থিয়েটার ফেডারেশন জানিয়েছে, ‘শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী মঙ্গলবার অঞ্জন দত্তের অনুষ্ঠানটি কোনোভাবেই করতে দেওয়া হবে না। কারণ অঞ্জন দত্তের নাটকের জন্য ওই দিন কোনো হল বরাদ্দ দেওয়া হয়নি। নিয়মের বাইরে সেখানে কোনো অনুষ্ঠান করলে সেটা প্রতিহত করবে গ্রুপ থিয়েটার ফেডারেশন।’
রোববার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি কামাল বায়েজিদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার নাটুকে নামের একটি স্থানীয় দলকে হল বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ওই দিন অঞ্জন দত্তের নাটকের শো করার পরিকল্পনার কথা আমরা জেনেছি। কিন্তু এটা নিয়মের বাইরে। আর নিয়মের বাইরে কোনো বাণিজ্যিক অনুষ্ঠান জাতীয় নাট্যশালায় করতে দেওয়া হবে না। যত চাপই আসুক। গ্রুপ থিয়েটার ফেডারেশন সেটা প্রতিহত করবে।’
এদিকে অনুষ্ঠানের আয়োজক সাজ্জাদ হুসাইন দেশ রূপান্তরকে বলেন, ‘ওই দিন নাট্য সংগঠন নাটুকে’র নামে হল বরাদ্দ হয়েছে। আমরা তাদের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানটির পরিকল্পনা করেছিলাম। কিন্তু এখন জটিলতা হওয়ায় আমরা চেষ্টা করছি, সবার সঙ্গে কথা বলে অনুষ্ঠানটি করার। গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে আমাদের কথা হয়নি। শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সঙ্গ আমরা কথা বলে সিদ্ধান্ত জানাব। মঙ্গলবার নাট্যশালাতেই আমরা অনুষ্ঠানটি করতে চাই।’
এর আগে শিশু একাডেমি মিলনায়তনে নাটকের শো করার কথা থাকলেও কারিগরি সুবিধার জন্যই নাট্যশালাকে ভেন্যু হিসেবে ঠিক করা হয় বলে জানান সাজ্জাদ হুসাইন।
নাটক এবং বইয়ের আয়োজনে অংশ নিতে তিন ক্যাটাগরির রেজিস্ট্রেশন ফি বা টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০০,২০০০ ও ৩০০০ টাকা। নাটকের টিকিটের সঙ্গে দেওয়া হবে বইটি।
