২০ বছর বয়সেই মারা গেলেন ডিজনি চ্যানেল তারকা ক্যামেরন

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১০:১০ পিএম

মাত্র ২০ বছর বয়সেই মারা গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেতা ক্যামেরন বয়েস। ডিজনি চ্যানেলের এই তারকা একাধিক হাস্যরস ধারাবাহিকে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেছিলেন।

পিপল জানায়, শনিবার সকালে মারা যান ক্যামেরন, এ দিন রাতে এক বিবৃতিতে তার মুখপাত্র এ খবর নিশ্চিত করে।

ক্যামেরনের পরিবার জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আজ সকালে আমরা ক্যামেরনকে হারিয়েছি। 

ঘুমের মধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। কিছুদিন ধরে শারীরিকভাবে কিছু সমস্যা ভুগছিলেন তিনি। তবে পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

১৯৯৯ সালে লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেন উদীয়মান এই অভিনেতা। মাত্র ৯ বছর বয়সেই অতিপ্রাকৃত সিনেমা মিররস-এর মাধ্যমে হলিউডে তার যাত্রা শুরু।

জনপ্রিয় চলচ্চিত্র ধারাবাহিক ডেসেন্ডান্টস-এর দুটি ছোট পর্দার চলচ্চিত্রের জন্য বিশেষ পরিচিতি লাভ করেন তিনি। ডিজনি এক্সডি'তে প্রচারিত হাস্যরস দৃশ্যকাব্যিক ধারাবাহিক গেইমার'স গাইড ট্যু প্রিটি মাচ এভরিথিং-এও অভিনয় করে প্রশংসিত হন ক্যামেরন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত