সংসদে রুমিন ফারহানা

রিফাত সৌভাগ্যবান তার হত্যার ভিডিও ফেইসবুকে এসেছে

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:৩৩ এএম

বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে সৌভাগ্যবান মনে করছেন বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল রবিবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, গত এক মাসে দেশব্যাপী ২২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু তাদের খুনিদের ধরতে পুলিশের তেমন কোনো তৎপরতা দেখি না। বরগুনার রিফাত হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টির পর মাননীয় প্রধানমন্ত্রী খুনিদের ধরার নির্দেশ দিয়েছেন। অথচ অপরাধী ধরার কথা পুলিশের এবং এটা তাদের রুটিন কাজ। এজন্য তারা জনগণের টাকায় বেতন পেয়ে থাকেন। রিফাত সৌভাগ্যবান তার হত্যার ভিডিও ফেইসবুকে এসেছে।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সাত বছর পেরিয়ে গেছে। তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় ৬৫ বার পিছিয়েছে। সম্ভবত এ হত্যাকাণ্ডের সঙ্গে এমন সব ব্যক্তি জড়িত যাদের ধরার ক্ষমতা এই প্রশাসনের নেই। বিশ্বজিৎ হত্যাকাণ্ড ছিল বীভৎস একটি ঘটনা। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে মূল আসামিরা মৃত্যুদণ্ডের বাইরে থেকে যায়।

রিফাতকে (রিফাত হত্যাকাণ্ডের আরেক আসামি) বাঁচানোর জন্য বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সহসভাপতি অত্যন্ত তৎপর অভিযোগ করে বিএনপির এ নেত্রী বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকার ফলস্বরূপ পুলিশকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে। দেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটলেও অপরাধীদের ধরার ক্ষমতা পুলিশের নেই। এদের যাবতীয় মুরোদ দেখা যায় বিরোধীদলীয় কর্মীদের বিনা বিচারে হত্যা, গ্রেপ্তার, নির্যাতন আর কারাগারে প্রেরণের মধ্য দিয়ে। তিনি বলেন, দেশের কোথাও হত্যাকাণ্ড হলেই শুনতে পাই প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগের প্রধান। বিচার করার জন্য তো আছে আইন, আদালত, বিচার বিভাগ। বিচার চাইতেইবা হবে কেন? যদি পুলিশ, প্রশাসন, আদালত তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে তো বিচার চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত