দুদকের মামলায় জামিন হয়নি লতিফ সিদ্দিকীর, রুল

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:৪০ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে জামিন দেয়নি হাইকোর্ট। তবে কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের  রুলের জবাব দিতে বলা হয়েছে। লতিফ সিদ্দিকীর জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার এ আদেশ দেয় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

বগুড়ার আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই  বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৭ অক্টোবর মামলা করে দুদক। গত ২০ জুন তার জামিনের আবেদন না-মঞ্জুরের আদেশ দেয় বগুড়ার বিচারিক আদালত। এরপর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়। কারাবন্দি লতিফ সিদ্দিকীকে গত ৬ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত