ব্রেন টিউমার চিকিৎসায় ফ্ল্যাট বিক্রি করতে চান মোশাররফ রুবেল

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০৭:৫৫ পিএম

ব্রেন টিউমারে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এরই মধ্যে এক কোটি টাকা ব্যয় হয়ে। চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে নিতে প্রয়োজন আরো প্রচুর অর্থ। যে অর্থ জোগাতে নিজের ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা এই স্পিনিং অলরাউন্ডার।

এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছেন রুবেল। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলছে তার চিকিৎসা। সিঙ্গাপুরে বসেই রোববার বিকেলে ফেসবুকে রুবেল লিখেছেন, ‘‘এখন সময় হয়েছে কেমোথেরাপি বিরুদ্ধে যুদ্ধ করার । আমি আমার চিকিৎসার উদ্দেশ্যে ইতিমধ্যে প্রায় ১ কোটি টাকা ব্যয় করেছি। কেমোথেরাপি ৬ চক্রের জন্য আরো ৫০ লাখ টাকা প্রয়োজন ।’’

মোশাররফ লিখেন, ‘‘আমি আমার ফ্ল্যাট বিক্রি করতে চাই । (১৫৫০ স্কয়ার ফিট) কেউ যদি কিনতে আগ্রহী হন তাহলে আমাকে ইনবক্স করুন এবং অবশ্যই দোয়া রাখবেন। আমি এখনো বেঁচে আছি শুধু তোমার দোয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। ধন্যবাদ।’’

বছরের শুরুর দিকে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। ২০১৬ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা খেলেছেন রুবেল। তবে ঘরোয়া ক্রিকেটে ছিলেন নিয়মিত। সর্বশেষ বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন।

২০০১-০২ মৌসুমে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক রুবেলের। ১১২ টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। লিস্ট এ ম্যাচ খেলেছেন ১০৪ টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত