জেনে নিন টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০৮:৪৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সোমবার সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে।

সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। ২৬, ২৮ ও ৩১ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সবগুলো ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

বিশ্বকাপের পরই শ্রীলঙ্কা সফরের যাবে বাংলাদেশ, অনেক দিন ধরেই এ আলোচনা চলছিল। তবে এপ্রিলে দেশটিতে ইস্টার সানডের দিনে বোমা হামলার ঘটনা ঘটে। এরপরই এই সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নিরাপত্তার বিষয়ে সতর্ক নজর রাখছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলঙ্কায় সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিসিবির পক্ষ থেকে পর্যবেক্ষক দলও পাঠানো হয়। সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট তারা।

বিশ্বকাপ মিশন শেষে রোববারই দেশে ফিরেছে বাংলাদেশ দল। খুব বেশি দিন অবশ্য ক্রিকেট থেকে দূরে থাকার সুযোগ নেই টাইগারদের। শ্রীলঙ্কা সফরের জন্য ২৩ জুলাই দেশ ছাড়ার কথা লাল-সবুজের প্রতিনিধিদের।

এই সফরে সাকিব আল হাসান খেলবেন না বলে গুঞ্জন রয়েছে। তিনি ছুটি চেয়েছেন বিসিবির কাছে। যদিও আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি। ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও তার অবসর প্রসঙ্গে কিছু বলেননি। তবে শ্রীলঙ্কা সফরে তারই নেতৃত্ব দেওয়ার কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত