টুর্নামেন্টসেরা : দানি আলভেস, সর্বোচ্চ গোলদাতা : এভারটন (৩ গোল), সেরা গোলকিপার : অ্যালিসন
একটি ‘মেজর’ শিরোপার জন্য ১২ বছরের অপেক্ষার অবসান ব্রাজিলের। নিজেদের ইতিহাসে নবম কোপা আমেরিকা জিতে শিরোপা খরার ইতি টানল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৭ সালের পর এই প্রথম মহাদশীয় শ্রেষ্ঠত্বের আসরে সেরা হলো ব্রাজিল। রবিবার সদ্য শেষ হওয়া কোপার ফাইনালে ঐতিহাসিক মারাকানায় স্বাগতিকরা পেরুকে ৩-১ গোলে হারিয়ে এই সাফল্য দেখায়। এতে ব্রাজিল ধরে রাখল কোপা আয়োজক হয়ে ট্রফি জয়ের রেকর্ডও। কোপা আমেরিকার ৪৬টি আসরের মধ্যে পাঁচবার আয়োজক হয়েছিল ব্রাজিল। প্রতিবারই তারা শিরোপা জিতেছে।
২০১৩’র ছয় বছর পর কোনো শিরোপা ব্রাজিলের ঘরে গেল। সেবার টানা তৃতীয় ফিফা কনফেডারেশন্স কাপ জিতেছিল সেলেসাওরা। গতকালকের ভেন্যু মারাকানাতেই সেবার ফাইনালে স্পেনকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। সেটাই দলটির সর্বশেষ ট্রফি। ২০০২-তে সর্বশেষ বিশ্বকাপ ট্রফি। ২০০৭-এ কোপা। এরপর মাঝের সময়ে কোনো শিরোপা বলতে ২০০৫, ২০০৯ ও ২০১৩ কনফেডারেশন্স কাপ।
কিন্তু বিশ্বকাপ প্রস্তুতিমূলক টুর্নামেন্টের সাফল্যে ফুটবল পাগল ব্রাজিলের মন ভরছিল না। ‘মেজর’ শিরোপা চাই তাদের। এদিকে চারটি বিশ্বকাপ ও তিনটি কোপার ব্যর্থতাই দলের ওপর থেকে বিশ্বাসও উঠে যাচ্ছিল সমর্থকদের। সবচেয়ে বড় ধাক্কা ছিল ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে লজ্জাজনক বিদায়। সেই টুর্নামেন্টের ব্যর্থতার দায় নিয়ে ঘরের মাঠে আরেকটি বড় আসর শুরু করে ব্রাজিল। এবার আর দেশ ও সমর্থকদের হতাশ হতে হয়নি। এক যুগ পর প্রথম কোনো বড় শিরোপা জিতে সমর্থকদের বিশ্বাস ফেরানোর চ্যালেঞ্জ জিতলেন থিয়াগো সিলভা-গ্যাবরিয়েল জেসুসরা।
ব্রাজিলের এই শিরোপা জয়ে স্বস্তি ফিরেছে তিতের। ২০১৮ বিশ্বকাপ জিততে না পারায় বেশ সমালোচনা শুনতে হয়েছিল তাকে। তিতের জন্য আরও বড় স্বস্তি নেইমারকে ছাড়াই ট্রফি জেতা। ব্রাজিলের সেরা তারকা টুর্নামেন্টের আগেই ইনজুরিতে পড়ে ছিটকে যান। পুরো আসরের গ্যালারি থেকে সতীর্থদের উৎসাহ দেওয়া ছাড়া উপায় ছিল না তার। ফাইনালের দিনও মারাকানায় উপস্থিত ছিলেন নেইমার। তার বদলি হিসেবে দলে ঢোকা এভারটনই অবশেষে শিরোপা জয়ের অন্যতম নায়ক।
ফেভারিট হয়ে ফাইনালে নামে ব্রাজিল। গ্রুপ পর্বে দুই দলের লড়াইয়ে স্বাগতিকরা জিতেছিল ৫-০ তে। ওই ম্যাচের মতো ফাইনালেও ব্রাজিলের জন্য বড় হুমকি হতে পারেনি পেরু। পুরো ম্যাচে বল দখল, আক্রমণ সব দিক থেকেই পিছিয়ে ছিল তারা। শুরু থেকে আক্রমণে ওঠা ব্রাজিল ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায়। গ্যাবরিয়েল জেসুসের অসাধারণ স্কিল এভারটনকে গোল এনে দেয়। পেরুর অর্ধে বাম প্রান্তে ডি বক্সের বাইরে প্রথম গোলের আক্রমণ শুরু ব্রাজিলের। দুই ডিফেন্ডারকে কাটিয়ে তৎক্ষণাৎ ডি বক্সের ডান প্রান্তে ফাঁকায় দাঁড়ানো এভারটনের দিকে বল ভাসান জেসুস। পোস্টের সামনে থাকা ‘আনমার্ক’ এভারটনের বল জালে রাখতে কোনো অসুবিধা হয়নি। প্রথমার্ধের ৪৩ মিনিটে পেনাল্টি পায় পেরু। ব্রাজিলের ডি বক্সের ভেতরে চলে যাওয়া এক পেরু ফুটবলারের শট ফেরাতে গিয়ে পড়ে যান থিয়াগো সিলভা। বল তার হাতে লাগায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৪৪ মিনিটে তা থেকে লক্ষ্যভেদ করে দলকে সমতায় আনেন অধিনায়ক পাওলো গেরেরো। এই আসরে প্রথম গোল হজম করে ব্রাজিল। দ্বিতীয় গোল করে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। প্রথমার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে পেরুর ডি বক্সের মাঝ থেকে জেসুসকে বল পাস করেন আর্থার। কিছুটা ফাঁকায় থাকা ম্যানসিটি তারকা সোজাসুজি শটে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় গোল আদায় করেন। এতে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর ৭০ মিনিট পর্যন্ত স্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় পেরু। উল্টো সুযোগ মিস করেন কুতিনহো, ফিরমিনো। ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বিদায় নিতে হয় জেসুসকে। বাকি ৩০ মিনিট ১০ জন নিয়ে খেলে ব্রাজিল। ওই সময়েই জ্বলে ওঠে পেরু। দারুণ দুটি আক্রমণের একটি রুখে দেন গোলরক্ষক অ্যালিসন ও অরেকটি দূরপাল্লার শট অল্পের জন্য পোস্ট মিস করে। তবে ৮৭ মিনিটে এভারটন দুই ডিফেন্ডারকে কাটিয়ে আক্রমণে উঠলে ডি বক্সে তাকে ফাউল করে বসেন পেরু ডিফেন্ডার। ভিএআর প্রযুক্তির সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৯০তম মিনিটে তা থেকে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন রিচার্লিসন।
নেইমারের বদলি হিসেবে সুযোগ পেয়ে টুর্নামেন্টের সেরা গোলদাতা হয়েছেন এভারটন। তিন গোল ও একটি অ্যাসিস্ট করেছেন গ্রেমিও তারকা। আসর সেরা ফুটবলার হয়েছেন ব্রাজিল অধিনায়ক দানি আলভেস। চলতি কোপা দিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪৩তম শিরোপা জিতলেন তিনি। এছাড়া সেরা গোলরক্ষক ব্রাজিলের অ্যালিসন। ম্যাচ শেষে নিজের সাফল্যের কৃতিত্ব সতীর্থদের দিলেন এভারটন, ‘সেমিফাইনালে আমি ভালো খেলতে পারিনি। সে কারণে এই ম্যাচে ভালো করার জেদ ছিল। শেষ পর্যন্ত একটি গোল ও দলের জন্য একটি পেনাল্টি এনে দিতে পেরে আমি খুশি। আর সেরা গোলদাতা হওয়ার কৃতিত্ব সতীর্থদের। ওরাই আমাকে গোল পেতে সাহায্য করেছে।’
