শিগগিরই বৃষ্টি কমার সম্ভাবনা নেই

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০২:২০ এএম

দেশজুড়ে টানা বৃষ্টিপাত চলছে। বেশকিছু এলাকায় হচ্ছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। কয়েক দিনের অতি ভারী বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাইয়ে গতকাল পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। গত কয়েক দিন চট্টগ্রাম ও বরিশালে ভারী বর্ষণ হলেও নতুন করে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান পরিস্থিতি শিগগির পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের পার্বত্য এলাকায় ভারী বর্ষণ আজও অব্যাহত থাকবে। তবে মাত্রা কিছুটা কমবে। অন্যদিকে উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়বে।

আবহাওয়াবিদ আফতাবউদ্দিন গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘১১-১২ জুলাইয়ের আগে বৃষ্টি কমার সম্ভাবনা কম। ওই সময় কিছুটা কমলেও বর্ষার কারণে বিক্ষিপ্তভাবে সারা দেশেই বৃষ্টি হবে। এছাড়া মঙ্গলবার (আজ) চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমতে পারে এবং সিলেট, ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের এলাকাগুলোতে মাত্রা বাড়বে এবং ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। ঢাকাতে বৃষ্টি অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। তাপমাত্রারও বড় পরিবর্তন নেই।’

গতকাল চট্টগ্রামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীতাকু-ে ২৩১ মিলিমিটার। রাঙ্গামাটিতে হয়েছে ২০৭ মিলিমিটার। ব্যাপক বৃষ্টি হয়েছে রংপুরেও। বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে ১২৭ মিলিমিটার। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। এই সতর্কবার্তা আজও অব্যাহত থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত