ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে গড়াতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড মধ্যকার এবারের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল লড়াই। বাজে আবহাওয়ার পাশাপাশি ম্যানচেস্টারে আরেক ভোগান্তির নাম সেখানকার এয়ারস্পেস। আর এ জন্য ভারত-নিউজিল্যান্ড ম্যাচের কথা মাথায় রেখে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল সেখানকার আকাশসীমা।
হেডিংলিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচের সময় ব্যাক্তিগত বিমান থেকে ভারত বিরোধী ব্যানার ওড়াতে দেখা যায়। ব্যাপারটি সবার নজরে পড়ে। বিষয়টা নিয়ে এবার সতর্ক ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তারা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছে আজকের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিসিআই সূত্র পিটিআইকে জানিয়েছে, “আমরা নিরাপত্তা বেষ্টনী ভাঙা এবং ক্রিকেটারদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। ইসিবি বিসিসিআই সিইও রাহুল জহুরিকে জানিয়েছে, ওল্ড ট্রাফোর্ডের এয়ারস্পেসকে আজকের জন্য ‘নো ফ্লাই জোন' করে দেওয়া হয়েছে।”
গত শনিবার বেনামি এক প্রাইভেট বিমানকে ব্র্যাডফোর্ড জোনের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। যেখানে লাগানো ছিল ভারত বিরোধী ব্যানার। তার মধ্যে লেখা ছিল, কাশ্মীর প্রসঙ্গ- ‘কাশ্মীরের জন্য ন্যায় চাই’। ভারত-শ্রীলঙ্কা ম্যাচে সেই বিমানকে একাধিকবার স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়।
যা আইসিসিকে কিছুটা লজ্জায়ও ফেলে দেয়। এই নিয়ে এই বিশ্বকাপে দ্বিতীয়বার দুইবার আইন ভাঙার ঘটনা ঘটল। এর আগে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচেও একটি বিমান ‘বেলুচিস্তানের জন্য ন্যায় চাই' ব্যানার নিয়ে উড়তে দেখা যায়।
