ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অর্ডিন্যান্সের অধীনে পুলিশের গাড়ি রিকুইজিশনের বিধান বাতিলের নির্দেশনা চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য জ্যেষ্ঠ চার আইনজীবীকে অ্যামিকাস কিউরি (আদালতে আইনি সহায়তাকারী) হিসেবে নিয়োগ দিয়েছে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ। তারা হলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার ফিদা এম কামাল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
গতকাল মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ তাদের মনোনীত করে। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। ডিএমপির পক্ষে ছিলেন আইনজীবী মোশতাক হোসেন।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, পুলিশ যেকোনো গাড়ি রিকুইজিশন করতে পারার বিধানকে বেআইনি ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণার নির্দেশনা চেয়ে ২০১০ সালে জনস্বার্থে রিট আবেদন করা হয়।
